২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার হত্যায় জড়িত কয়েকজন শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লগার হত্যাকাণ্ডে জড়িতদের কয়েকজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 01:49 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “কয়েকজনকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের কাজ চলছে।”

গত আট মাসে পাঁচজন জন ব্লগার ও লেখককে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হলেও সন্দেহভাজন ‘কয়েকজনের নাম’ উদ্ধার ছাড়া তদন্তে তেমন কোনো অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, “সব ব্লগার হত্যার বিচার হবে। এরই মধ্যে দুটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে এবং দুটি মামলার চার্জশিট প্রক্রিয়াধীন।”

৭ নভেম্বর ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসে’ জাতীয় প্রেস ক্লাবে ‘মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম স্মৃতি পরিষদ’ আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন আসাদুজ্জামান কামাল।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট- আইএসের তৎপরতা বাংলাদেশে নেই দাবি করে তিনি বলেন, “যারা একাত্তরের পরাজিত শক্তি তারাই আইএস, তারাই জঙ্গি, তারাই জামায়াত-শিবির।”

Image
আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

এসব হত্যাকাণ্ডের পেছনে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা রয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি দেশি ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ। দেশে যুদ্ধাপরাধের বিচার চলছে। এই বিচার ব্যাহত করতে বর্তমানে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।”

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিক, খালেদ মোশাররফের স্ত্রী সালমা খালেদ উপস্থিত ছিলেন।