২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসের পথে আবুধাবিতে প্রধানমন্ত্রী

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে নেদারল্যান্ডসের পথে আবুধাবিতে যাত্রাবিরতিতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন মাহবুব

আবু ধা‌বি থে‌কে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 02:19 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী আবুধাবিতে পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ইমরান তাকে স্বাগত জানান।

আবুধাবিতে পাঁচ ঘণ্টার যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় আমস্টার্ডামের পথে যাত্রা করবেন শেখ হাসিনা। রাতে তার আমস্টার্ডামের শিফল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে সকাল সোয়া ৮টায় বিমানের ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

বুধবার ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সরকারি বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা।

বৈঠকের পর একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মার্ক রুটের দেওয়া নৈশভোজেও শেখ হাসিনা অংশ নেবেন।

বুধবার সকালে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়কমন্ত্রী লিলিয়ান প্লুমেন এবং পরিবশবিষয়কমন্ত্রী মেলেনি শুলজ ফন হেগেন। সেদিন দুপুরেই প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের ব-দ্বীপাঞ্চল এবং পোতাশ্রয় ফিউচার ল্যান্ড পরিদর্শন করবেন।

ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা। সফরের শেষদিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী একটি ব্যবসায়িক সেমিনারে যোগ দেবেন।

সেমিনার শেষে একটি ফল ও সবজি উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠানটি টমেটো উৎপাদনের জন্য বিখ্যাত।

বৃহস্পতিবার বিকালে এক নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা। এরপর রাতে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়ে শুক্রবার ঢাকায় পৌঁছবেন তিনি।