সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বৃত্তি-সম্মাননা
প্রতিবছরের মতো এবারও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিয়েছে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দের চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।
ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা সনদ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
উৎসবমুখর এ অনুষ্ঠানে জেলার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম ও দশম শ্রেণির ৩১৩ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক হাজার ৮৮ জন ছাত্র-ছাত্রীকে সম্মাননা সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাত হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সাধারণ মানুষের পাশাপাশি ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলির সদস্যরা উপস্থিত ছিলেন।
ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “আদর্শ চর্চা করে আত্মশুদ্ধির মাধ্যমে জীবনকে উন্নত করা সম্ভব। প্রত্যেকেই যদি আমরা অপরের দুঃখে ব্যথিত, অন্যের আনন্দে আনন্দিত হই, অপরের স্বার্থকে প্রাধান্য দিই তবেই দেশ ও জাতি নিশ্চিতভাবে একটি আর্দশ এবং উন্নত জাতি হিসাবে বিশ্বের কাছে সু-প্রতিষ্ঠিত হবে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নূসরাত সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে মাউসির রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সরদার, চৌবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের সরকার, ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলির সদস্য মো. শামছুল আলম (যুগ্ম-সচিব, যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়) বক্তব্য দেন।
ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে নানাবিধ বুদ্ধিবৃত্তিক খেলার সমন্বয়ে ‘মেধায় মাতি’ পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
২০১০ সালে প্রতিষ্ঠিত খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান। বিনামূল্যে চিকিৎসা সেবা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ এবং খাজা ইউনুছ আলী এনায়েতপুরীর (র.) ভক্তদের মধ্যে দুঃস্থদের ‘ছাদকা-ই- জারিয়া’ হিসেবে এককালীন অর্থ সহায়তা দিয়ে আসছে এই ফাউন্ডেশন।
