যারা রাজাকার তারা বাংলাদেশের নয়: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ কোনো রাজাকারের হতে পারে না; যারা রাজাকার তারা বাংলাদেশের নয়।
বৃহস্পতিবার কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়ি পরিদর্শনে এসে ‘বিদেশি হত্যা ও তাদের নিরাপত্তা’ প্রসঙ্গে মন্ত্রী এ কথা বলেন।
‘নিরাপত্তা নিয়ে বিদেশিরা খুব বেশি চিন্তিত নয়’ মন্তব্য করে মন্ত্রী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন ঘটনা সেভাবেই ঘটেছে। সরকারকে বেকায়দায় ফেলতেই একটি বিশেষ শক্তি এ কাজগুলো করছে। একটু অপেক্ষা করুন, স্বরাষ্ট্রমন্ত্রী এর ব্যাখ্যা দেবেন।”
ভারত সরকারের অর্থায়নে শিলাইদহে একটি স্থাপনা নির্মাণকাজ পরিদর্শনে মন্ত্রী এখানে আসেন।
এ সময় তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, “১৯৭১ সাল থেকেই প্রণব মুখার্জি বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তার আগ্রহেই ভারত সরকারের অর্থায়নে স্থাপনাটি নির্মিত হচ্ছে।”
ইতোমধ্যেই এর নকশা তৈরি হয়েছে বলে জানান মন্ত্রী।
পরিদর্শন শেষে কুঠিবাড়ির ঐতিহাসিক বকুলতলায় স্থানীয় শিল্পীদের রবীন্দ্রসংগীত আসরে যোগ দেন নূর।
এ সময় সেখানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ, কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া ছিলেন স্থানীয় সাংবাদিকেরা।
