২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগে চুক্তি বাস্তবায়ন, পরে মেডিকেল-বিশ্ববিদ্যালয়

পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়া পর্ষন্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু না করার দাবি জানিয়েছে পাহাড়ের তিনটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 04:45 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

এছাড়া শুরু হওয়া রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিতেরও দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে দাবিগুলো জানায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়া পর্ষন্ত রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা যাবে না।

এছাড়া মেডিকেল কলেজের সকল কার্যক্রম স্থগিতের দাবিতে আগামী ২ নভেম্বর অবরোধ কর্মসূচি ডাকা হলেও জেএসসি পরীক্ষা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব থাকায় স্থগিত করা হয়েছে বলে সমাবেশে জানানো হয়।

চুক্তি বাস্তবায়ন না করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের পাঠদান শুরু করলে ওইদিন থেকেই তিন পার্বত্য জেলায় লাগাতার অবরোধ কর্মসূচি ডাকার হুমকি দেন বক্তারা।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, সরকার বর্তমানে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের কাজ সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে।

চুক্তি বাস্তবায়ন না করে সরকার জোর করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়নকে তিনি ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন।

চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের জনগণ কোনো বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি অনিল মারমার সভাপতিত্বে  সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উদয়ন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি শাখার সভাপতি টোয়েন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চনা চাকমা প্রমুখ। 

সমাবেশের আগে শহরের কালিন্দীপুরস্থ জনসংহতি সমিতির কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বনরুপা ঘুরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে  শেষ হয়।

রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম চলছে রাঙামাটি জেনারেল হাসপাতালের ভবনে।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো এখনও না হলেও ছাত্র ভর্তি করা হয়েছে। শহরের একটি বিদ্যালয়ের ভবনে কিংবা ভাড়া বাড়িতে আগামী নভেম্বরে এর কার্যক্রম শুরুর কথা রয়েছে।  

পুরনো খবর:

রাঙামাটিতে মেডিকেলের কার্যক্রম বন্ধের দাবি
রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরুর দাবি
পাহাড়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় চান না সন্তু লারমা