পাহাড়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় চান না সন্তু লারমা
পার্বত্য এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের বিরোধিতা করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি সন্তু লারমা হিসাবে পরিচিত জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নসহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর হোটেল সুন্দরবনে জেএসএস আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা বলেন, “পার্বত্যবাসী এ ধরনের প্রতিষ্ঠানের জন্য এখনো প্রস্তুত নয়। এগুলো বহিরাগত প্রবেশের দ্বারে পরিণত হবে। তাই চুক্তি বাস্তবায়ন পর্যন্ত এসব প্রকল্প স্থগিত রাখার আহ্বান জানাচ্ছি।
“তবে দেশের অন্যান্য স্থানে অবস্থিত প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পাহাড়ি ছাত্রছাত্রীদের অধিক সংখ্যক কোটা সংরক্ষণের আহ্বান জানাচ্ছি।”
পাশাপাশি বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ ও গবেষণাসহ উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান এবং পার্বত্য চট্টগ্রামে প্যারা-মেডিকেল ইনস্টিটিউট ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
তিন জেলার তিনটি সরকারি কলেজে আরো বেশি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালুসহ পার্বত্যাঞ্চলের শিক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আহ্বান জানান সন্তু লারমা।
তিন পার্বত্য জেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ স্তরে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষকদের আবাসন ও ছাত্রছাত্রীদের হোস্টেলসহ অবকাঠামো নির্মাণ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানানো হয়।
গত বছর ২৩ ফেব্রুয়ারি রাঙামাটি সফরের সময় জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দেন। তারপর থেকেই এর পক্ষে-বিপক্ষে স্থানীয়দের মধ্যে তর্ক-বিতর্ক চলছিলো।
সংবাদ সম্মেলনে ১৭টি দাবি উপস্থাপন করেন শান্তিচুক্তির মাধ্যমে সশস্ত্র সংগ্রাম ছেড়ে আসা এই পার্বত্য নেতা।
এসময় সন্তু লারমা ‘অপারেশন উত্তরণ’সহ সব অস্থায়ী সেনা, আনসার, এপিবি এবং ভিডিপি ক্যাম্প পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার এবং এ লক্ষ্যে সময়সীমা নির্ধারণের পাশাপাশি শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফের ‘সশস্ত্র সন্ত্রাসী’ কার্যকলাপ নির্মূলের দাবি জানান।
তিনি বলেন, “ইউপিডিএফ নামধারী সশস্ত্র সন্ত্রাসীদের অবাধে চাঁদাবাজি, অপহরণ, হত্যা ইত্যাদি সন্ত্রাস চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে পার্বত্য চট্টগ্রামে এক ত্রাসের রাজত্ব চাপিয়ে দেয়া হয়েছে।”
অভ্যন্তরীণ জুম্ম উদ্বাস্তু ও প্রত্যাগত জুম্ম শরণার্থীদের জায়গা-জমি ফিরিয়ে দেয়া ও পুনর্বাসন চান সন্তু লারমা।
তিনি বলেন, “ক্যাম্প সম্প্রসারণ, অবৈধভাবে ইকো-পার্ক ও পর্যটন কেন্দ্র স্থাপন, অস্থানীয়দের কাছে ভূমি ইজারা দেয়া, সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা, বহিরাগতদের পুনর্বাসন ইত্যাদির নামে জুমভূমিসহ স্থায়ী অধিবাসীদের রেকর্ডকৃত ও ভোগদখলীয় জায়গা-জমি অধিগ্রহণ ও বেদখলের প্রক্রিয়া বন্ধ করতে হবে।”
পাশাপাশি সমতলের আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানের জন্য অচিরেই ভূমি কমিশন গঠনের দাবিও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে, জেএসএস-এর পক্ষ থেকে তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাচন দাবি করা হয়।
একইসঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন বিধিমালা ও স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা বিধিমালা প্রণয়ণের কথাও বলা হয়।
বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে- তিন পার্বত্য জেলা পরিষদে জেলার আইন-শৃঙ্খলা তত্ত্বাবধান ও সংরক্ষণ, পুলিশ (স্থানীয়), ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, বন ও পরিবেশ, স্থানীয় পর্যটনসহ অন্যান্য অহস্তান্তরিত সব বিষয় নির্বাহী আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট পরিষদের নিকট হস্তান্তর করা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে চুক্তি বিরোধী ও পার্বত্যাবাসীর আশা-আকাক্সক্ষার বিপরীতে অগণতান্ত্রিক ও জনবিরোধী উদ্যোগ বাস্তবায়নে সৃষ্ট অনাকাক্ষিত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।”
জেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার সঞ্চালনায় এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, কলাম লেখক আবুল মকসুদ, জেএসএসের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।
