বঙ্গোপসাগরে অর্ধশত জেলে অপহরণ
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলে বহরে হামলা চালিয়ে ২৫টি ট্রলারসহ অন্তত অর্ধশত জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।
বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফেয়ারওয়ে পয়েন্টে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
অপহৃতদের মধ্যে হারুন মিয়া, ফোরকান বাবুর্চি, স্বপন, ফোরকান, মোশারেফ, রফিক মাঝি ও মোজাম্মেল মাঝির নাম জানা গেলেও বাকিদের নাম-পরিচয় তিনি জানাতে পারেননি।
গোলাম মোস্তফা চৌধুরী জানান, ফেয়ারওয়ে পয়েন্টে জেলেরা মাছ ধরায় ব্যস্ত ছিল। ওই সময় সুন্দরবনের ‘জলদস্যু মাস্টার বাহিনীর’ ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল জেলে বহরে হামলা চালিয়ে ১০ লাখ টাকার ইলিশ মাছ ও মালামাল লুট করে নিয়ে গেছে।
হামলার শিকার ট্রলারগুলোর মধ্যে এফবি রিয়াজ উদ্দিন, এফবি রিনা, এফবি মা-বাবার দোয়া, এফবি সিরাজুল হক, এফবি বশির, এফবি আক্তার ও এফবি মা-এর নাম জানাতে পেরেছেন তিনি।
গোলাম মোস্তফা আরও জানান, অপহরণের পর জলদস্যুরা ট্রলার মালিকদের ০১৭০৯৭৪৭৪৪৯ ও ০১৭০৯৭৪৭৪৪৫ নম্বরে যোগাযোগ করতে জানিয়েছে।
এফবি রিয়াজ উদ্দিন ট্রলারের মালিক পনু আকন বলেন, তারা মালিক সমিতি একত্রিত হয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মাঝি বলেন, জেলেদের উদ্ধারে জলদস্যুদের সঙ্গে সমন্বয় করা ছাড়া আর কোনো গতি নেই।
পাথরঘাটা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এস এ রউফ জানান, তারা অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছেন।
