বগুড়ায় নাশকতায় ৬ জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার
নাশকতার মামলায় বগুড়ার শাহজাহানপুর থেকে জামায়াতে ইসলামীর এক নেতাসহ দলটির ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ডুমুরপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান।
গ্রেপ্তারদের মধ্যে শাহজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাসান আলী ছাড়া অন্যদের পরিচয় জানায়নি পুলিশ।
আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি জোটের ডাকা অবরোধের সময় ও যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাইদীর রায়ের পর নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
“গেল বছর পুলিশের অভিযানের পর থেকে পালিয়ে ছিলেন ওই জামায়াত নেতাকর্মীরা। সম্প্রতি তাদের এলাকায় ফেরার খবর পেয়ে ডুমুরপুকুরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।”
