২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়া সমাবেশে হামলা: তদন্ত কমিটি গঠন

পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়া এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 08:35 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসানকে প্রধান করে গঠিত এ কমিটির অপর দুই সদস্য হলেন যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম ও গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দুই বিদেশি হত্যাকাণ্ডের পর দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্যে শিয়া সম্প্রদায়ের কর্মসূচিতে বোমা হামলার ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে হোসাইনী দালান ইমামবাড়ায় শিয়াদের সমাবেশে এই বোমা হামলায় এক কিশোর নিহত এবং আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়।

পাকিস্তানসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে শিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটলেও বাংলাদেশে এ ধরনের ঘটনা প্রথম।