স্থানীয় নির্বাচন: ‘ভোটের সময়ে’ সংশোধন চায় ইসি
স্থানীয় সরকারের সব স্তরে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে ‘যুক্তিসঙ্গত স্বল্প সময়ে’ নির্বাচন আয়োজনের বিষয়ে বিদ্যমান আইনে সংশোধনী আনার বিষয়ে সরকারের কাছে মতামত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
দলীয় প্রতীকে ভোটের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পর আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এই মতামত দেওয়া হচ্ছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্ধারিত সময়ে ভোট করতে না পারলে সুবিধাজনক সময়ে ভোট আয়োজনের সংশোধনী আনার পক্ষে মতামত দেওয়া হচ্ছে। পাশাপাশি পৌরসভার সঙ্গে সমন্বয় রেখে সব স্তরের মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে ভোটের বিধান রাখার প্রস্তাব থাকছে।
দলভিত্তিক স্থানীয় সরকারের নির্বাচন করার বিষয়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদের বিদ্যমান আইনে সংশোধনের প্রস্তাব এই মাসেই মন্ত্রিসভা অনুমোদন করে।
গত ১২ অক্টোবর মন্ত্রিসভায় অনুমোদনের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় রেখে মেয়াদোত্তীর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট করতে না পারলে তাতে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করা হচ্ছে।
বিদ্যমান আইনে সিটি করপোরেশন বাদে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদে নির্বাচন না হলে যারা ছিলেন তারাই দায়িত্ব চালিয়ে যেতেন। আইন সংশোধনের পর তা আর সম্ভব হবে না।
“অনেক সময়ই নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠান করা সম্ভব হয় না। তাই যুক্তিসঙ্গত সময়ে ভোট অনুষ্ঠানের বিষয়ে সংশোধনী আনতে মন্ত্রণালয়ে অনুরোধ জানানোর কথা উঠেছে।”
ইসি কর্মকর্তারা মন্ত্রণালয়ে উপস্থাপনের জন্য স্থানীয় সরকারের পৌরসভা আইনের ২০ ও ৩৩ ধারা, ইউনিয়ন পরিষদের ২৯ ধারা, উপজেলা পরিষদের ১৭ ধারা এবং সিটি করপোরেশন আইনের ৩৪ ধারা পর্যালোচনা করেছে।
ইসির প্রস্তাব হচ্ছে- পৌরসভার মতো সমন্বয় রেখে সব স্তরে মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান যোগ করা।
সংশ্লিষ্ট ধারায় নতুন উপধারা হিসেবে যুক্ত করতে ইসির প্রস্তাব- ‘তবে শর্ত থাকে যে, নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব না হলে যুক্তিসঙ্গত স্বল্প সময়ের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে’।
যেসব স্থানে ‘দৈব দুর্বিপাকের’ কারণ উল্লেখ রয়েছে তাতে ‘নির্বাচনের জন্য যুক্তিসঙ্গত সময়ে তারিখ ঘোষণা করা হবে’ প্রতিস্থাপিত করার প্রস্তাব ইসির।
স্থানীয় নির্বাচনের আইন সংশোধনের প্রস্তাব অনুমোদিত হলেও সেই অধ্যাদেশ এখনও জারি হয়নি।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেক কিছু ভাবা হলেও গেজেট জারির পরই প্রয়োজনীয় বিষয়গুলোতে পদক্ষেপ নেওয়া হবে।
“এখনও আমরা সংশোধন আকারে কোনো অধ্যাদেশ বা আইন হাতে পাইনি। স্থানীয় সরকারের আইনে যে কোনো সংশোধনের এখতিয়ার সরকারের। আমাদের হাতে এ সংক্রান্ত বিষয় এলে পরে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো দরকার পড়লে পরবর্তীতে যাচাই করে বিবেচনা করতে পারি।”
