২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্থানীয় নির্বাচন: আইন সংশোধনে ইসির মতামত জরুরি'

দলীয়ভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে আপত্তি না থাকলেও আইন সংশোধনে সরকারের একক কর্তৃত্ব ঠিক হবে না বলে মনে করে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 07:07 PM

Updated : 25 Aug 2022, 05:35 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয়ভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে আপত্তি না থাকলেও আইন সংশোধনে সরকারের একক কর্তৃত্ব ঠিক হবে না বলে মনে করে নির্বাচন কমিশন (ইসি)। নতুন পদ্ধতিতে আসন্ন নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, এটি যথেষ্ট সময়ের ব্যাপার। বিদ্যমান আইনে আমূল সংশোধনী আনতে হবে। এ বিষয়ে ইসির মতামত নেওয়া জরুরি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গত রোববার স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়ে বলেন, আশা করি স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল অংশ নেবে। এর প্রতিক্রিয়ায় ওই দিন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা জানান, সরকার চাইলে দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করা সম্ভব। তবে বিদ্যমান আইন সংশোধন করতে হবে। সাখাওয়াত হোসেন জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শুধু জাতীয় সংসদ নির্বাচন দলীয়ভাবে হয়। দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করতে হলে বিদ্যমান স্থানীয় সরকার আইনেও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসরণে ব্যাপক সংশোধনী আনতে হবে। এই নির্বাচন কমিশনার আরো বলেন, নিবন্ধিত দলগুলোই শুধু নির্বাচনে অংশ নিতে পারবে। দলের প্রার্থী চূড়ান্ত কোন পর্যায়ে (কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন) হবে তাও আইনের মধ্যে আনতে হবে। এমন অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে দলগুলোর সঙ্গেও আলোচনা করতে হবে। সাখাওয়াত মনে করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এককভাবে আইন বদলালে সমস্যা হবে। ইসির কাছে এ বিষয়ে মতামত নেওয়া জরুরি। আইন সংশোধন করে আসন্ন স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। "এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে যেতে যথেষ্ট সময় লাগবে। এ বছর করা যাবে কি না বলা যাচ্ছে না", বলেন সাখাওয়াত। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ঢাকা সিটি করপোরেশনসহ দেশের চার শতাধিক ইউনিয়ন পরিষদ, তিন শতাধিক পৌরসভা নির্বাচন করার লক্ষ্যে ইসি প্রস্তুতি নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২৩৫৮ ঘ.