২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা পেল ইসি

উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা সরকারের হাত থেকে নির্বাচন কমিশনকে দেওয়ার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে থাকার যে বিধান রয়েছে তাও বিলুপ্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১০, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা সরকারের হাত থেকে নির্বাচন কমিশনকে দেওয়ার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে থাকার যে বিধান রয়েছে তাও বিলুপ্ত করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপজেলা পরিষদ আইন-১৯৯৮ সংশোধনের মাধ্যমে সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়। এর আগে গত ২৭ জানুয়ারি উপদেষ্টা পরিষদ আইনটি সংশোধনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এসব তথ্য জানান। ১৯৯৮ সালের আইনে সরকার ও উপজেলা পরিষদের মধ্যে কোনো কার্যক্রম হস্তান্তরের ক্ষেত্রে উপজেলা পরিষদের সম্মতি নেওয়ার বিধান ছিল। এটি সংশোধন করে আইনে 'উপজেলা পরিষদের সম্মতির' পরিবর্তে 'উপজেলা পরিষদের সঙ্গে আলোচনা করে নেয়ার' বিধান যোগ করা হয়েছে। এর আগে আওয়ামী লীগ ও বিএনপি সরকারের সময় উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে দেওয়ার সিদ্ধান্ত হলেও ওই দুই সরকার আইন সংশোধনের কাজটি শেষ করে যেতে পারেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাবেক সচিব ও বর্তমান উপদেষ্টা এ এম এম শওকত আলীকে প্রধান করে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও আধুনিকায়নের জন্য একটি কমিটি গঠন করে। কমিটি উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা সরকারের পরিবর্তে নির্বাচন কমিশনকে দেওয়ার সুপারিশ করে। এছাড়া স্থানীয় সাংসদদের হস্তক্ষেপের কারণে উপজেলা পরিষদের কার্যক্রমে বিভিন্ন সময় সমস্যা সৃষ্টি হয় বলে উপজেলা পরিষদে তাদের উপদেষ্টা হিসেবে থাকার বিধান বিলুপ্ত করারও সুপারিশ করে কমিটি। গত ২৭ জানুয়ারী কমিটির সুপারিশ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হয়। ওই বৈঠকেই উপদেষ্টা পরিষদ ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/এমএ/১৯৫৮ঘ.