ফেনীতে ২৪ হাজার ইয়াবা, গাড়িসহ দুই ব্যবসায়ী আটক
ফেনীতে ২৪ হাজার ইয়াবা ও একটি প্রাইভেট কারসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
এরা হলেন- মো. আবদুল ওয়াদুদ (২৩) কুমিল্লা সদরের দক্ষিণ গোয়ালগাঁও এলাকার আবদুল লতিফের ছেলে এবং বিক্রমচন্দ্র দাস (২৪) একই এলাকার দাগনচন্দ্র দাশের ছেলে।
র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর নাসির মেমোরিয়াল কলেজ এলাকা থেকে আটক করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজের সামনে চেকপোস্ট বসানোর পর দুজন ধরা পড়েন। তাদের কাছ থেকে ২৪ হাজার ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
মেজর মোজাম্মেল বলেন, আটককৃতরা চট্টগ্রাম থেকে ইয়াবা এনে কুমিল্লায় বিক্রি করত।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
