হোশি খুনে গ্রেপ্তার হীরা অন্য মামলায় রিমান্ডে
জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের ঘটনায় দুই দফায় ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর হুমায়ূন কবীর হীরাকে রংপুর কোতোয়ালি থানায় আরেকটি হত্যামামলায় ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
শাহীন ও সুমন নামে দুই ভাইকে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানার পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের এই আবেদনটি করা হয়েছিল।
গত আগস্ট মাসের শুরুতে রংপুর নগরীর ধাপ চেকপোস্ট এলাকায় গভীর রাতে র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন শাহিন ও সুমন।
আদালত পরিদর্শক মনোজ কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক ফিরোজ কবীর দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
সোমবার এই আদেশের সময় হীরাকে আদালতে আনা হয়নি। রংপুরের কাউনিয়ায় এই মাসের শুরুতে হোশি হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার করা হয় হীরাকে। তার ভগ্নিপতির বাড়িতে ভাড়া থাকতেন এই জাপানি।
হীরার সঙ্গে গ্রেপ্তার রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ উন নবী খান বিপ্লবকে সোমবার আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
বিপ্লব ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলের ছোট ভাই।
বিপ্লবের জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী আফতাব উদ্দিন। তবে তা নাকচ হয়।
আফতাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২ নভেম্বর বিপ্লবকে আবার আদালতে হাজির করতে বলেছেন বিচারক।
