২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলছে না আরেফিন হত্যার কুলকিনারা

পুরান ঢাকার কাপ্তানবাজারে আরেফিন আবেদীন খান রাজন (২৮) হত্যার কারণ তিন দিনেও উদঘাটন করতে পারেনি পুলিশ।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 11:00 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

ঘরে-বাইরে ‘বন্ধু বৎসল’ হিসাবে পরিচিত এই তরুণকে কারা কেন খুন করেছে, সে বিষয়ে স্বজনরাও কোনো তথ্য দিতে পারছেন না।

গত বুধবার সকালে কেরানীগঞ্জের একটি ডোবা থেকে আরেফিনের কাদামাখা লাশ উদ্ধার করা হয়।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করেন স্বজনরা।

লাশের সুরতহাল করা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান বলেন, “মৃতদেহের কপালে, গলায়, মুখে জখমের চিহ্ন ছিল। পরনে ছিল জিন্স, ডোরাকাটা শার্ট। সারা গায়ে কাদা মাখানো ছিল।”

শরীরে জখমের চিহ্নকে ‘হত্যার’ আলামত বললেও পুলিশ এখনও এর পেছনে কারণ হাতড়ে বেড়াচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “পুলিশ এ ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।”

ডেকে নেওয়া হয় ফোন করে

কাপ্তানবাজার কমপ্লেক্সে বাবা জয়নাল আবেদীনের বৈদ্যুতিক সরঞ্জামের দোকান ‘বিক্রম পাওয়ার ইলেকট্রনিক’- এ বসতেন আরেফিন।

জয়নাল আবেদীন জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর মোবাইলে একটি কল পেয়ে দোকানের ম্যানেজার জয় হাসানকে বলে বেরিয়ে যান তার ছেলে। এরপর সন্ধ্যা ৬টার দিকে স্ত্রী শবনম আবেদীন অ্যানির সঙ্গে তার শেষবার ফোনে কথা হয়।

এরপর আর আরেফিনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বুধবার ভোরে ওয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান রাজনের মা হোসনে আরা বেগম ও স্ত্রী শবনম।

পুলিশ প্রথমে জিডি নিতে চায়নি জানিয়ে জয়নাল বলেন, “পরে পুলিশের শীর্ষ পর্যায়ে কর্মরত এক আত্মীয়কে দিয়ে ফোন করালে তারা জিডি নেয়।”

ওইদিনই কেরানীগঞ্জে এক যুবকের লাশ পাওয়ার কথা জানতে পেরে কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন-১ এর ম্যানেজার ফারুক স্থানীয় দুই ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যা ইউনিয়নে যান। সেখানে গিয়ে জানতে পারেন, লাশ সলিমুল্লাহ মেডেকেলের মর্গে পাঠানো হয়েছে।

এরপর আরেফিনদের দোকানের ম্যানেজার জয় হাসানকে সঙ্গে নিয়ে তারা হাসপাতালে যান এবং লাশ শনাক্ত করেন। 

অন্ধকারে ব্যবসায়ীরাও

আরেফিনের বাবা জয়নাল আবেদীন ‘বঙ্গবন্ধু সৈনিক লীগের’ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি। তবে আরেফিন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না বলে পরিবারের সদস্য ও কাপ্তানবাজারের ব্যবসায়ীদের দাবি।

জয়নাল আবেদীন বলছেন, ছেলে খুন হতে পারে এমন কোনো সমস্যাও তার পরিবারে নেই।

নবাবপুর রোডের ২২ জুড়িয়াটুলি লেনে তিন ছেলের পরিবার ও এক মেয়েকে নিয়ে থাকেন জয়নাল।

আরেফিনের বড় ভাই মনসুর আবেদীন মুকুল এক সময় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। মেজো ভাই মঞ্জুরুল আবেদীন রাসেল ২০০৮ সালে ওয়ারি থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যিনি প্রায় পাঁচ বছর ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। বড় মেয়ে স্বামীর সঙ্গে কাতারে থাকেন। 

কাপ্তান বাজার কমপ্লেক্স ঘুরে বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায়ীদের সবার সঙ্গেই আরেফিনের ‘সুসম্পর্ক’ ছিল। স্থানীয়রা তাকে ‘ভালো মানুষ’ বলেই জানত।

আরেফিনের বড় ভাই মুকুল কাছাকাছি এলাকায় ঠিকাদারি ব্যবসা করলেও তাকে বাবার দোকানে খুব কমই আসতে দেখেছেন সেখানকার লোকজন।

Image
আরেফিনের বাবা জয়নাল আবেদীন

আরেফিনের বাবা জয়নাল আবেদীন

 

মিলছে না কুলকিনারা

“ও ছিল আমার বুড়ো বয়সের লাঠি। কয়েক মাস আগে হার্টের চিকিৎসার জন্য আমাকে ভারত নিয়ে গিয়েছিল। ও আমার জন্য, আমার চিকিৎসার জন্য যা করেছে তা আর কেউ পারবে না,” কান্নাজড়িত কণ্ঠে প্রিয় সন্তান সম্পর্কে বলছিলেন জয়নাল আবেদীন।

তার ‘নির্বিরোধী’ ছেলেকে কেউ হত্যা করতে পারে- এটাও মানতে পারছেন না তিনি।

কাউকে সন্দেহ করেন কিনা জানতে চাইলে জয়নাল বলেন, “এখনো কিছু বলতে পারছি না। এটুকু বলতে পারি, ওর কোনো শত্রু ছিল না।”

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “পুলিশ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে। আরেফিনকে কেন হত্যা করা হল, তার কারণও খুঁজে বের করার চেষ্টা চলছে।”