জাতিসংঘ পুরস্কার পেল বরিশালের স্কুল কমিউনিটি
বিশ্বের সাতটি কমিউনিটির সঙ্গে জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অফ ডিজাস্টার রিস্ক রিডাকশন’ পুরস্কার পেয়েছে বরিশালের প্রত্যন্ত এলাকার একটি স্কুল কমিউনিটি।
বাংলাদেশ ছাড়াও পুরস্কারের তালিকায় রয়েছে, ক্যামেরুন, কলম্বিয়া, ইতালি, যুক্তরাজ্য, ফিলিপাইন, সুদান এবং ভানুআতুর কমিউনিটি।
জাতিসংঘ বলছে, চরম আবহাওয়া ও ভূমিকম্প ঝুঁকির মধ্যে এই মনোনীত কমিউনিটিগুলো কাজ করে গেছে।
সাইক্লোন সিডরের পর পরিবেশ রক্ষা ও পুর্নবাসন কাজে সম্পৃক্ততার জন্য বরিশালের ‘পূর্ব সুজনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সমাজ’ এই পুরস্কার গ্রহণ করবে।
‘কৃষকের স্বর’ নামে একটি বেসরকারি সংস্থা এই প্রাথমিক বিদ্যালয়টি বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের পরিবেশ রক্ষা ও পুনর্বাসন কাজে পৃষ্ঠপোষকতা করে আসছে।
কৃষকের স্বরের প্রতিষ্ঠাতা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ে তারা সচেতনতামূলক বার্তা প্রচার করে থাকেন।
“আমরা খননকাজের মাধ্যমে খাল সংরক্ষণে উদ্বুদ্ধ এবং জলবায়ুর পরিবর্তন রোধে গ্রামে গাছ সংরক্ষণে কাজ করি।”
জাতিসংঘের আন্তর্জাতিক দুর্যোগ হ্রাসবিষয়ক সংস্থার প্রধান মারগারেটা ওয়ালস্ট্রম বলেন, এই বছর বিশ্বব্যাপী ‘স্থানীয়, ঐতিহ্যগত ও স্বতঃস্ফূর্ত জ্ঞান কাজে লাগিয়ে ঝুঁকির সঙ্গে বসবাসের সক্ষমতাকে’ গুরুত্ব দেওয়া হয়েছে।
“এই কমিউনিটিগুলোর একটি বিষয়ে মিল রয়েছে, আর তা হল সামাজিক বন্ধন। দুর্যোগের ক্ষতি হ্রাসে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় এ ধরনের প্রচেষ্টা ছাড়া টেকসই উন্নয়ন ও দারিদ্র্য দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেন জাতিসংঘের এই কর্মকর্তা।
