২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ লিটনকে জামিন শুনানিতে হাজিরের নির্দেশ

এক শিশুর পায়ে গুলি করার অভিযোগ নিয়ে ‘আত্মগোপনে’ থাকা গাইবান্ধার সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিনের শুনানি হবে দুপুরে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 11:23 AM

Updated : 22 Aug 2022, 01:29 PM

Image
সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

তার আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম সোমবার ওই আবেদন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চে উপস্থাপন করলে আদালত বেলা ১টায় আবেদনকারীকে শুনানিতে হাজির করতে বলে।

সাংসদ লিটনের আইনজীবী এস এম আরিফুল ইসলাম আগের দিন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন। 

গাইবান্ধার এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুটি মামলা থাকলেও জামিন চাওয়া হয়েছে আহত শিশুর বাবার করা মামলায়। মামলার কারণে সাংসদ লিটনকে হয়রানি ও অপদস্ত করা হতে পারে বলে আশঙ্কার কথা বলা হয়েছে ওই আবেদনে।

পরিবারের অভিযোগ, গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে সৌরভ মিয়া নামে নয় বছর বয়সী ওই শিশু আহত হয়।

আহত শিশুর বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার রহমান নামে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের এক বাসিন্দা।

মামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন লিটন। তাকে পুলিশ গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে নানা কর্মসূচিও পালিত হচ্ছে গাইবান্ধায়।

গুলির ঘটনায় সমালোচনার মধ্যে লিটনের লাইসেন্স করা দুটি অস্ত্র সুন্দরগঞ্জ থানায় জমা দেন তার স্ত্রীর বড় ভাই তারিকুল ইসলাম। এরপর জেলা ম্যাজিস্ট্রেট লিটনের অস্ত্র দুটির লাইসেন্স বাতিল করেন।

এই সংসদ সদস্য এর আগেও নানা ‘অপকর্ম’ করেছেন বলে তার দলের নেতাদের অভিযোগ। স্থানীয়রা তার সাংসদ পদ বাতিলেরও দাবি তুলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিজে থেকে ধরা না দিলে তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে।