হাটে গরু নিতে জোর করায় না. গঞ্জে দুজনকে দণ্ড
শীতলক্ষ্যা থেকে ট্রলার আটকে গরু নিজেদের হাটে তুলতে ব্যাপারিদের জোরাজুরি ও মারধরে নারায়ণগঞ্জে দুজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে নৌ-পুলিশের উপ-পরিদর্শক আবু তাহের খান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিরাজগঞ্জ থেকে গরু বোঝাই করে একটি ট্রলার শীতলক্ষ্যা নদী দিয়ে যাওয়ার পথে বিকেলে নারায়ণগঞ্জ সদরের চর সৈয়দপুর হাটের ইজারাদারের লোকজন সেটি আটকায়। ওই হাটে গরু তোলার জন্য ব্যাপারিদের চাপ দেয়।
“ব্যাপারিরা রাজি না হলে এক পর্যায়ে তাদের মারধর শুরু করে তারা।”
বিষয়টি নৌ-পুলিশের টহল দলের নজরে এলে রাসেল আহমেদ ও আল আমিন নামে দুজনকে হাতেনাতে আটক করা হয় বলে এসআই তাহের জানান।
পরে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুজনকে এক মাস করে কারাদণ্ড দেন।
