২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ সেপ্টেম্বরের টিকেট পেতে উপচে পড়া ভিড়

ঈদের এক দিন আগের টিকেট পেতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আগাম টিকেট বিক্রির চতুর্থ দিন দেখা গেছে উপচে পড়া ভিড়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 01:04 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

শুক্রবার সকাল ৯টা থেকে দেওয়া হচ্ছে ২৩ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট। বরাবরের মতই কাউন্টারের সামনে টিকেট প্রত্যাশীদের ভিড় শুরু হয়েছে আগের রাত থেকে।

প্রচণ্ড ভিড়ের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কাউন্টারের সামনে পৌঁছানোর অপেক্ষায় থাকতে হচ্ছে টিকেটপ্রত্যাশীদের। নারীদের জন্য একটি মাত্র কাউন্টার হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে তাদেরই পোহাতে হচ্ছে।

এই ভোগান্তির শেষে যারা টিকেট পাচ্ছেন, তাদের মুখে থাকছে বিজয়ের হাসি। 

বেলা ১১টার দিকে দেখা যায়, ভিড়ের কারণে নারীদের লাইনটি পাঁচ বার দিক বদলে বিশাল আকার পেয়েছে। গরমে অতিষ্ট টিকেটপ্রত্যাশীদের অনেকেই কাউন্টারে ধীরগতির কাজ চলার অভিযোগ করেছেন।

রংপুরের টিকেট কাটতে আসা রুমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গরমে অসহনীয় কষ্ট হচ্ছে। ভাষায় প্রকাশ করা মত না। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কখন টিকেট পাব তার কোন ঠিক নেই।”

আরেক টিকেটপ্রত্যাশী অভিযোগ করেন, “কর্তৃপক্ষ অত্যন্ত ধীর গতীতে কাজ করছে। মেয়েদের জন্য একটি মাত্র কাউন্টার। এতে দুর্ভোগ আরও বেড়েছে।”

টিকেট বিক্রির প্রথম তিন দিন রংপুর, রাজশাহী, দিনাজপুরসহ উত্তরবঙ্গের টিকেট কাউন্টারে একটিই লাইন দেখা গিয়েছে। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে এসব কাউন্টারের সামনের লাইনে দেখা গেছে তিন থেকে চারগুণ বেশি মানুষ।

টিকেট কিনতে আসা মাহমুদ হাসান বলেন, “আমি সকাল ৮টায় এসেছি। আমার সামনে অন্তত দুইশ লোক আছে। আজ টিকেট পাব কিনা সন্দেহ আছে।”

কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জায়গা সংকীর্ণ হওয়ায় এবং গরমের কারণে টিকেটপ্রত্যাশীদের একটু কষ্ট হচ্ছে।”

ভিড়ের মধ্যে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী নিরাপত্তায় আনসার, পুলিশ, জিআরপি, র্যা বসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে বলে জানান তিনি।

স্টেশন ম্যানেজার বলেন, “২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকেটের চাহিদা বেশি হওয়ায় যাত্রীদের জন্য স্পেশাল ট্রেনও আছে। ঈদের পরেও সাতদিন বিশেষ ট্রেন দেওয়া হবে।”

তিনি জানান, ঈদের জন্য প্রতিদিন বিভিন্ন গন্তব্যের ১৪ হাজার ৬৩৩টি আগাম টিকেট বিক্রি করা হচ্ছে। এর সঙ্গে বিশেষ ট্রেনের টিকেট যোগ করলে প্রতিদিন যাত্রীদের হাতে যাচ্ছে মোট ১৮ হাজার টিকেট।

গত দুই দিনে কমলাপুর থেকে ‘টিকেট কালোবাজারির’ অভিযোগে মোট আটজনকে আটকের কথা জানানো হলেও শুক্রবার বেলা ১২টা পর্যন্ত এ ধরনের কোন খবর পাওয়া যায়নি।

কমলাপুর রেলওয়ে পুলিশের ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপত্তার অংশ হিসেবে ক্লোজড সার্কিট ক্যামেরায় নজর রাখা হচ্ছে। ভিডিও ফুটেজ ও গতিবিধি দেখেই কালোবাজারিদের গ্রেপ্তার করা হচ্ছে।”