২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক লিটন হায়দারের উপর হামলার নিন্দা, শাস্তি দাবি

পেশাগত দায়িত্ব পালনের সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দারকে বেসরকারি সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের লাঞ্ছিতের ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি করেছে সাংবাদিকদের দুটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 08:57 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

রোববার দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর পান্থপথে সড়ক আটকে বিক্ষোভ চলকালে একদল বিদেশিকে গাড়ি থেকে নামিয়ে হেনস্তার সময় ওই ঘটনার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন লিটন হায়দার।

এর প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।

ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “ডিআরইউ’র এই সদস্য (লিটন হায়দার) দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। অত্যন্ত সততার সঙ্গে তিনি পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। রাজধানীর পান্থপথে তার উপর আন্দোলনরত কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্রের হামলায় গোটা সাংবাদিক সমাজ ক্ষুব্ধ।

“নেতৃবৃন্দ মনে করেন, আন্দোলনের নামে যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা ছাত্র নামের কলঙ্ক। নেতৃবৃন্দ এই ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছে।”

ক্র্যাবের সভাপতি ইসারফ হোসেন ইসা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান স্বাক্ষরিত অপর এক বিবৃতিতে বলা হয়েছে, “সিটি ইউনিভার্সিটির কতিপয় শিক্ষার্থীর নগ্ন হামলার শিকার হয়েছেন লিটন হায়দার। যারা লিটন হায়দারের উপর হামলা করেছেন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে সাংবাদিকরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট প্রত্যাহারের আন্দোলনে গণমাধ্যম কর্মীদের চলাচলে বাঁধা দেওয়া হয়েছে জানিয়ে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ক্র্যাব।

লিটন হায়দার জানান, সকালে শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর সড়কে অবরোধ শুরুর পর থেকেই তিনি সংবাদ সংগ্রহের জন্য ওই এলাকায় ছিলেন। পরে সেখান থেকে পান্থপথ ক্রসিংয়ে সংবাদ সংগ্রহে যান।

দুপুরে বসুন্ধরা সিটি শপিং মলের সামনে দিয়ে কয়েকজন বিদেশি চিকিৎসককে বহনকারী একটি গাড়ি স্কয়ার হাসপাতালের দিকে যাওয়ার পথে সিটি ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী তাদের আটকায়। এরপর তারা বিদেশিদের গাড়ি থেকে বের করে লাঞ্ছিত করে।

এক পর্যায়ে বিদেশি অতিথিরা ছাড়াও ওই গাড়িতে থাকা ছয়জন পায়ে হেঁটে স্কয়ার হাসপাতালের দিকে যান।

“আমি মোবাইল ফোনে এ ঘটনার ছবি তুলতে গেলে তারা আমাকে বাধা দেয় এবং আমাকে লাঞ্ছিত করে। আমার মটরসাইকেলটি ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার ওপর রঙ স্প্রে করে,” বলেন লিটন হায়দার।