প্রধানমন্ত্রীর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ
সফররত কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তাদের এই সাক্ষাৎ হয়।
পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে জানান।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আসন্ন সম্মেলন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কমলেশ শর্মা।
মাল্টায় আগামী নভেম্বরে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রধান হিসাবে রাণী এলিজাবেথ এবারের সম্মেলন উদ্বোধন করবেন।
জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে কমলেশ শর্মা বলেন, এবারের সম্মেলনে এই বিষয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক তহবিল গঠনের উপর গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা।
গত কমনওয়েলথ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে কমলেশ শর্মা জানান, মাল্টায় আসন্ন সম্মেলনে প্রথমবারের মতো একটি নারী ফোরাম থাকবে।
তাদের আলোচনায় অভিবাসন ও সন্ত্রাসবাদের মত বিষয়গুলোও উঠে আসে।
শেখ হাসিনা বলেন, গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকার কাজ করছে।
“সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে। বাংলাদেশের প্রচার মাধ্যমগুলো পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।”
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং মুখ্য সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
