বাবাকে মারধরের অভিযোগে র্যাব সদস্য কারাগারে
ঝালকাঠিতে বাবাকে মারধর করার অভিযোগে এক র্যাব সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে মো. এচাহাক হাওলাদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঝালকাঠি বিচারিক হাকিম রুবাইয়া আমেনা।
এচাহাক র্যাব-৪-এ নায়েক পদে কর্মরত।
এর আগে নলছিটি উপজেলার ভরতকাঠী গ্রামের আ. বারেক হাওলাদার ছেলে এচাহাকের নামে আদালতে মামলা (সিআর ১২৯/১৫) করেন বলে জানান বাদীর আইনজীবী মোজ্জাম্মেল হোসেন।
তিনি বলেন, “এচাহাক বাবার আ. বারেকের কাছ থেকে হেবানামায় ৪ শতাংশ জমির স্থলে প্রতারণার মাধ্যমে ৬৪ শতাংশ লিখিয়ে নেন। পরে বারেক আদালতে সংশোধনী আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে এচাহাক তাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়।”
এ ঘটনায় বারেক হাওলাদার বাদী হয়ে ছেলের বিরুদ্ধে মামলা করেন।
এচাহাক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠায় বলে জানান ওই আইনজীবী।
