২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলার রায় ডিসেম্বরে, আশা আইনমন্ত্রীর

একুশে অগাস্টের গ্রেনেড হামলার মামলার রায় ডিসেম্বরে মধ্যেই হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 10:37 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

১১ বছর  আগের ওই হামলায় নিহতদের স্মরণে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত এক সভায় তিনি এই আশার কথা জানান।

আনিসুল হক বলেন, “এই মামলায় ৪৯১ জন সাক্ষী আছে, যার মধ্যে ১৭৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ বছরের ডিসেম্বর নাগাদ বিচারিক আদালতের রায় আমরা পাব।”

এ মামলার কার্যক্রম গতিশীল করতে সপ্তাহে একদিনের পরিবর্তে দুদিন বিচারিক কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, সাবেক মন্ত্রী আলী আহসান মো. মুজাহিদ, আব্দুল সালাম পিন্টুসহ ৫০ জনের বিচার চলছে।   

আনিসুল হক বলেন, “এই হামলার নেপথ্যের লোকদের যদি বিচার করতে চাই, তাহলে মনে হয়, বিচারই শেষ হবে না। তাদের অনেকেই এখন আর নেই। যারা আছে, তাদের বিচারেরও দাবি উঠেছে।”

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে গ্রেনেড হামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “খালেদা জিয়া এটাকে অন্য দিকে প্রবাহিত করার জন্য জজ মিয়া নাটক সাজিয়েছিল। জজ মিয়া নাটক করে খালেদা জিয়া এই মামলার অনেক তথ্য-উপাত্ত নষ্ট করে দিয়েছেন।”

ছাত্রলীগের অনুষ্ঠানে আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠনটির অতীতের ভূমিকার প্রশংসাও করেন আনিসুল হক।

তিনি বলেন, “শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যে শক্তি দরকার, তা তোমাদের আছে বলে আমি বিশ্বাস করি। তোমাদের ঐক্য, দৃঢ়তা নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলছে।”

ছাত্রলীগে অনুপ্রবেশকারী ঠেকাতে সংগঠনের নেতাদের সতর্ক থাকার পরামর্শও দেন আনিসুল হক।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন  সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।