২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন আইনজীবী এবার অন্য মামলায় রিমান্ডে

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার বিএনপিনেতার মেয়েসহ তিন আইনজীবীকে এবার সন্ত্রাস দমন আইনের অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 01:04 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

পুরনো খবর:

জঙ্গি অর্থায়ন: বিএনপি নেতার মেয়েসহ ৩ আইনজীবী গ্রেপ্তার
জঙ্গি অর্থায়ন: ৩ আইনজীবীর জবানবন্দি

র‌্যাবের করা রিমান্ড আবেদনের শুনানি করে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মিনহাজ সোমবার এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৭ এর এএসপি রুহুল আমিন এই তিনজনকে হাটহাজারী থানার সন্ত্রাস দমন আইনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চান।  

বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে ৪৮ ঘণ্টা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাসানুজ্জামান লিটন ও ঢাকা জজ  কোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপনকে ৭২ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে তাদের আইনজীবী আবদুস সাত্তার জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা জামিন চেয়েছিলাম। পাশাপাশি রিমান্ডে না নেওয়ার জন্য আবেদন করেছিলাম। আদালত দুটি আবেদনই খারিজ করে দিয়েছে।”

গত ১৯ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলীপুর সুলতান আহমেদ সড়কে ‘আল মাদরাসাতুল আবু বকর’ মাদ্রাসায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা বিগ্রেডের’ ১২ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের ভিডিও এবং বিপুল সংখ্যক জিহাদি বই পাওয়া যায় বলে সে সময় র‌্যাবের পক্ষ থেকে বলা হয়।

ওই ঘটনায় পরে হাটহাজারী থানায় সন্ত্রাস দমন আইনে এ মামলা দায়ের করা হয়।

র‌্যাবের ভাষ্য, ওই সময় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতেই গত ২১ ফেব্রুয়ারি রাতে বাঁশখালীর সাধনপুর উপজেলার লটমনি পাহাড়ে অভিযান চালিয়ে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান ও বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া যায়।

হামজা ব্রিগেড নামের ওই জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে অস্ত্র উদ্ধারের ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে চার দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে র‌্যাব। সেই রিমান্ড শেষে রোববার তিন আইনজীবী চট্টগ্রামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দি দেওয়ার পর তাদের আবারও রিমান্ডে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী সাত্তার বলেন, “১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার পর পুনরায় রিমান্ড দেওয়ার কোনো বিধান নেই।”

তবে তার এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম বলেন, “দুই মামলার অভিযোগ ও ঘটনাস্থল আলাদা। ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা অনুযায়ী রিমান্ডে কোনো বাধা নেই।”