২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি অর্থায়ন: ৩ আইনজীবীর জবানবন্দি

জঙ্গি অর্থায়নের অভিযোগে ঢাকায় র‌্যাবের হাতে গ্রেপ্তার তিন আইনজীবী চট্টগ্রামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 04:11 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

পুরনো খবর:

জঙ্গি অর্থায়ন: বিএনপি নেতার মেয়েসহ ৩ আইনজীবী গ্রেপ্তার

এই তিন আইনজীবী হলেন- চট্টগ্রামের বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপন।

তাদের মধ্যে শাকিলা ও লিটন সুপ্রিম কোর্টের এবং বাপন ঢাকা জজ কোর্টের আইনজীবী।

রোববার সকালে তারা বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেনের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে তাদের আইনজীবী আবদুস সাত্তার জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জবানবন্দির পর তিন আইনজীবীর জামিনের আবেদন করেছিলাম। বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”

তিন আইনজীবীকে কারাগারে ‘ডিভিশন’ দেওয়ার আবেদন করা হলে বিচারক কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন বলে জানান সাত্তার।

আইনজীবী সাত্তার বলেন, “তিনজন আইনজীবী জবানবন্দিতে একই কথা বলেছেন। উচ্চ আদালতে মামলা পরিচালনার জন্য তারা অর্থ নিয়েছেন এবং পরে প্রয়োজন না হওয়ায় ফেরত দিয়েছেন।”

এটি ‘উদ্দেশ্যপ্রণোদিত মামলা’ বলেও দাবি করেন আসামিদের আইনজীবী।  

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ধরের দাবি, আসামিরা ‘পরোক্ষভাবে’ অর্থ জোগানের কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, “১৬৪ ধারায় আসামিরা আদালতে বলেছেন, হেফাজতে ইসলামের মামলা পরিচালনা করার জন্য তারা টাকা নিয়েছিলেন এবং সে টাকা ফেরত দিয়েছেন।”

আইনজীবী বিকাশ বলেন, মনিরুজ্জামান ডন হেফাজত ইসলামের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি জঙ্গী সংগঠন ‘শহীদ হামজা বিগ্রেডের’ অন্যতম সংগঠক।

“সে হিসেবে আমরা বলতে পারি আসামিরা তাদের অর্থ সহায়তা করেছেন,” বলেন তিনি।  

চার দিন জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে তিন আইনজীবীকে আদালতে হাজির করে পুলিশ। র‌্যাব তাদের ঢাকা ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে গত ১৮ অগাস্ট রাতে।

গ্রেপ্তারের পরদিন চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, শহীদ হামজা ব্রিগেড নামে একটি জঙ্গি সংগঠনকে এই তিন আইনজীবী এক কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা দিয়েছিলেন অস্ত্র কেনার জন্য।