২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যা: কামরুলের নামে ইন্টারপোলের নোটিস

শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার অন্য সব আসামিকে গ্রেপ্তারের পর সৌদি আরব থেকে কামরুল ইসলামকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 09:02 PM

Updated : 22 Aug 2022, 12:50 PM

এরই মধ্যে কামরুলের ছবি দিয়ে ইন্টারপোলের ‘রেড নোটিস’ তোলা হয়েছে। তার বিষয়ে যাবতীয় তথ্য অনুবাদ করে দুই-একদিনের মধ্যে রিয়াদে ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) পাঠানো হবে।

‘রেড নোটিসের’ পর এনসিবি কামরুলের অবস্থান নিশ্চিত করে বাংলাদেশকে জানিয়েছে বলে ঢাকায় এনসিবির সহকারী মহাপরিদর্শক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিয়াদ এবং বাংলাদেশ এনসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”

এনসিবি কর্মকর্তা মাহবুব বলেন, এই ঘটনা সম্পর্কে এখন যাবতীয় তথ্য আরবিতে অনুবাদের কাজ চলছে। শেষ হলে দুই-একদিনের মধ্যে তা রিয়াদের এনসিবিতে পাঠিয়ে দেওয়া হবে।

এরপরের  পদক্ষেপ কী হবে, তা রিয়াদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে রাজনকে পিটিয়ে হত্যার পর বিদেশে চলে যান সৌদি আরব প্রবাসী কামরুল। খবর শুনে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় জেদ্দায় তাকে আটক করা হয়।  

হত্যামামলার এই আসামিকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা তখন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন।

কামরুলের ভাই মুহিত আলমসহ এই মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে আরও আটজনকে। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

১৩ বছর বয়সীকে রাজনকে নির্যাতনকারীরাই পেটানোর দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল, যা দেখার পর দেশব্যাপী তোলপাড়ের সৃষ্টি হয়। 

পুরনো খবর:

রাজন হত্যা: আরও দুই জনের জবানবন্দি
শিশু রাজনকে পিটিয়ে হত্যার আসামি কামরুল সৌদি আরবে আটক
কামরুলকে আনতে ইন্টারপোল: আইজিপি
রাজন হত্যা: কামরুলকে ফেরাতে প্রক্রিয়া শুরু ‘আগামী সপ্তাহে’