রাজন হত্যা: আরও দুই জনের জবানবন্দি
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় আরও দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার বিকালে সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে জবানবন্দি দেন রাজনকে নির্যাতনের ‘ভিডিও ধারণকারী’ নূর মিয়া ও নির্যাতনকারীদের ‘সহযোগী’ দুলাল মিয়া।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ জানান, বেলা ৩টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী জবানবন্দি দেন এ দুই আসামি।
জবানবন্দি রেকর্ড শেষে সন্ধ্যা ৬টায় তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
গত ১৫ জুলাই রাতে জাঙ্গাইল এলাকা থেকে রাজনকে পেটানোর ভিডিও ধারণকারী অভিযোগে নূর মিয়াকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।
একই দিন দুপুরে কুমারগাঁওয়ের শেখপাড়া থেকে দুলাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পরদিন সাত দিন করে রিমান্ডে নেয়।
আব্দুল আহাদ জানান, রিমান্ডের সময় শেষ হওয়ার আগেই নুর ও দুলাল আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় মঙ্গলবার জবানবন্দি রেকর্ডের জন্য তাদের আদালতে হাজির করা হয়।
এ নিয়ে রাজন হত্যা মামলায় পাঁচ জন জবানবন্দি দিল বলে জানান তিনি।
এর আগে গত ১৪ জুলাই আদালতে জবানবন্দি দেন প্রত্যক্ষদর্শী আজমত উল্লাহ ও ফিরোজ আলী। সোমবার মামলার আসামি ময়না মিয়া চৌকিদারও জবানবন্দি দেন।
ময়না চৌকিদার চুরির অভিযোগে রাজনকে আটক করে অন্য আসামিদের ডেকে এনে তাদের সঙ্গে মিলে রাজনকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
এ মামলার এ পর্যন্ত আসামি মুহিতের স্ত্রী লিপি বেগম ও দুই প্রত্যক্ষদর্শীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
