২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যা: কামরুলকে ফেরাতে প্রক্রিয়া শুরু ‘আগামী সপ্তাহে’

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াআগামী সপ্তাহে শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 05:56 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।

তিনি বলেন, “সৌদিতে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শেষে এখানকার বেশিরভাগ সরকারি অফিস খুলবে সামনের রোববার থেকে। যেদিন অফিস খুলবে সেদিন থেকেই তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।”

গত ৮ জুলাই সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁওয়ে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যার পর বাংলাদেশ ছেড়েছিলেন সৌদি প্রবাসী কামরুল। পরে দূতাবাস কর্মকর্তাদের তৎপরতায় তাকে জেদ্দায় আটক করা হয়। তিনি সেখানে বন্দি রয়েছেন।   

গত ১৪ জুলাই পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেছিলেন, কামরুলকে সৌদি আরব থেকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

গোলাম মসীহ বলেন, “সৌদি প্রশাসন এই বিষয়ে যথেষ্ট আন্তরিক। তারা জানিয়েছে, কামরুলকে ফেরত দিতে তারা আন্তরিকভাবেই সহযোগিতা করবে।”

Image
ইউটিউব ভিডিও থেকে নেওয়া ছবিতে রাজনের ওপর নির্যাতনের দৃশ্যে কামরুল ইসলাম

ইউটিউব ভিডিও থেকে নেওয়া ছবিতে রাজনের ওপর নির্যাতনের দৃশ্যে কামরুল ইসলাম

Image
সৌদি আরবে আটক কামরুল ইসলাম, ইউটিউব ভিডিও থেকে নেওয়া ছবি।

সৌদি আরবে আটক কামরুল ইসলাম, ইউটিউব ভিডিও থেকে নেওয়া ছবি।

চুরির অভিযোগ তুলে রাজনকে পেটানোর দৃশ্য ভিডিও করে তা নির্যাতনকারীরা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল। ওই ভিডিওতে কামরুলকেও দেখা যায়।

রাজন হত্যাকাণ্ডের আসামিদের মধ্যে কামরুলের ভাই মুহিত আলমসহ এজাহারভুক্ত তিনজন ইতোমধ্যে পুলিশের হাতে ধরা পড়েছেন। তাদেরসহ এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুরনো খবর:

রাজন হত্যা: রুহুল ৭ দিনের রিমান্ডে
শিশু রাজনকে পিটিয়ে হত্যার আসামি কামরুল সৌদি আরবে আটক
কামরুলকে আনতে ইন্টারপোল: আইজিপি