২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাতে আহতদের দেখতে হাসপাতালে আওয়ামী লীগের প্রতিনিধি দল

“হামলার বিচার অবশ্যই বিএনপি পাবে," বলেন হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 10:12 PM

Updated : 28 Oct 2023, 10:21 PM

ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন পেশাগত দায়িত্ব পালনকালে আহত পুলিশ ও সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।  

শনিবার রাত ৮টার দিকে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। 

প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম। 

জাহাঙ্গীর কবির নানক বলেন, “বিএনপির সন্ত্রাসীরা আন্দোলনের নামে রাজধানীতে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে। দুইটি পুলিশ অ্যাম্বুলেন্স পুড়িয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে। ৯ জন দায়িত্বরত সাংবাদিক বন্ধুদের হামলা চালিয়ে আহত করেছে। 

“প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাংচুর করেছে। শুধু তাই নয়, তাদের সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি আমাদের চারজন নারী নেত্রী। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩০ জন আহত হয়েছে। এই সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে, কাউকে ছাড় দেওয়া হবে না।” 

এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে উল্লেখ করে তিনি বলেন, “সন্ত্রাসী কায়দায় ৪১ পুলিশের গায়ে হামলা চালিয়েছে। তারা হাসপাতালে ছটফট করছে। 

“এই হামলায় যারাই জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে অবশ্যই সরকার ব্যবস্থা গ্রহণ করবে।” 

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের এক দফা দাবিতে শনিবার দুপুরে নয়া পল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। এর পাল্টায় দুপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ ডাকে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২০ শর্তে দুই দলকেই অনুমতি দেয় পুলিশ। 

পাল্টাপাল্টি কর্মসূচিতে উদ্বেগের মধ্যে সকাল থেকে রাজধানীতে নগর পরিবহনের বাস একপ্রকার বন্ধ থাকে। দূরপাল্লার বাসও ঢাকায় ঢুকেছে কম। সকাল থেকেই ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। 

এর মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে কাকরাইলে দলটির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ বাধে। 

ঘটনাস্থলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এরপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ শুরু হয় এবং তা নয়া পল্টন, ফকিরাপুল ও রাজারবাগ এলাকায় ছড়িয়ে পড়ে। 

কাকরাইল চার্চের সামনে একটি পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়। কয়েকটি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিএনপি কর্মীরা। তাদের নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। 

সংঘর্ষের মধ্যে দৈনিক বাংলার মোড় এলাকায় এক পুলিশ কনস্টেবল নিহত হন। আহত প্রায় অর্ধশত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ দিন পেশাগত দায়িত্ব পালনকালে ডজন খানেক সংবাদকর্মীও আহত হন, যারা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন। 

আহতদের দেখতে গিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “গাজায় যেভাবে হাসপাতালে ইসরায়েলের হামলা হয়েছে, একই কায়দায় বাংলাদেশে বিএনপি পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে, একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে-এর বিচার বিএনপিকে পেতেই হবে। 

“সাংবাদিকরা গিয়েছিল সংবাদ সংগ্রহের জন্য, সেখানে তাদের প্রায় ১৯ জন সাংবাদিকের উপর হামলার বিচার অবশ্যই বিএনপি পাবে।"