২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবৈধ’ সম্পদ: স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সুবিদ আলীর বিরুদ্ধে দুদকের মামলা

তদের বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৮ কোটি ৮৪ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2025, 07:53 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূইয়ার বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মামলায় সুবিদ আলীর স্ত্রী মাহমুদা আখতার এবং ছেলে মোহাম্মদ আলীকেও আসামি করা হয়েছে। 

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন রোববার সাংবাদিকদের জানান, ‘অবৈধভাবে’ ৮ কোটি ৮৪ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে তদের বিরুদ্ধে।

এছাড়া তাদের ব্যাংক হিসাবে ৩২১ কোটি ৪৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ করেছে দুদক। 

মামলার এজাহারে বলা হয়েছে, সুবিদ আলী এবং তার স্ত্রী মাহমুদা আখতারের ‘অবৈধ’ সম্পদের পরিমাণ যথাক্রমে ৬ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৮৫৫ টাকা এবং ১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ১০৪ টাকা।

আর সুবিদ আলীর ছেলে মোহাম্মদ আলীর ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদের পরিমাণ ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকা বলে দুদকের ভাষ্য। 

এছাড়া সুবিদ আলীর ২২ ব্যাংক হিসেবে ১৮১ কোটি ৪২ লাখ ২২ হাজার ২৫৫ টাকা, মাহমুদা আখতারের ১২ হিসেবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকা এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর ২৫ ব্যাংক হিসেবে ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা ‘সন্দেহজনক লেনদেনের’ অভিযোগ এনেছে দুদক।

ছাত্র-জনতার গণ-অভুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।