২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোনো গ্যাঞ্জাম চাই না, সবাই মিইল্লা-মিশ্যা থাকুক’

ঢাকা-৪ আসনটিতে কেউ বাধা না দিলেও ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

শেখ আবু তালেব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 04:46 PM

Updated : 07 Jan 2024, 07:29 PM

“দেশে কোনো গ্যাঞ্জাম চাই না। সবাই মিইল্লা-মিশ্যা থাকুক। ভোট দেওয়া দরকার তাই আইলাম।’’

ঢাকা কটন মিলস আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা বেসরকারি চাকুরে হাফিজুর রহমান বলছিলেন নিজের ভাবনার কথা।

ঢাকা-৪ আসনের ফরিদাবাদ, শ্যামপুর, গেন্ডারিয়া, সূত্রাপুর, জুরাইন, কুতুবখালী, রায়েরবাগ, বাংলাদেশ ব্যাংক কলোনি, পোস্তগোলা, ঢাকা কটন মিলস, নীবনচন্দ্র গোস্বামী রোড এলাকার ২০টি কেন্দ্র ঘুরে বেলা ২টা পর্যন্ত ভোটারের উপস্থিতি কমই দেখা গেছে।  ভোট দিতে আসা লোকজন নিজেদের দায়িত্ব ও অধিকারের কথা বলছিলেন।

ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা শিক্ষক ভানু চন্দ্র পাল বললেন, “ভোট নাগরিক দায়িত্ব। আমার দায়িত্বটা তো পালন করলাম। এখন যিনি জিতবেন তিনি যেনো দেশের জন্য কাজ করেন। এটাই চাই।”

শ্যামপুরে মডেল স্কুলে ভোট দিতে আসা গৃহীনি রওশন আরা বলেন, ‘‘সকালে ঠান্ডা হইবো ভাবছিলাম-তাই আসি নাই। ঘরের কাজ-কাম শেষ কইরা আইলাম ভোট দিতে। কোনো গ্যঞ্জাম নাই-শান্তিতে ভোট দিলাম।’’

সলিমুল্লাহ মডেল স্কুলে ভোট দিতে আসা ব্যবসায়ী ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমরা কি আর চাইমু? গরিব মানুষ খাইয়া-পইড়া বাইচা থাকুক-এটাই চাই। আমরা তো আর মন্ত্রী-প্রেসিডেন্ট হইতে চাই না। শান্তি মতো থাকুম আর একটু ব্যবসাটা যেন করতে পারি। জিনিসপত্রের দাম সরকার ঠিকঠাক রাখুক এইডা চাই, বেশি কিছু না।’’

দক্ষিণাঞ্চলের প্রবেশ পথ রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর, ডেমরা ও সূত্রাপুরের এক অংশ নিয়ে গঠিত ঢাকা-৪ আসনটি ভৌগোলিক কারণে রাজনীতিতে বেশ গুরুত্ব পেয়ে থাকে। তাছাড়া সবজি, মাছের আড়ত, সায়দাবাদ বাস টার্মিনাল থাকায় পেশীশক্তির লড়াই সব সময় দেখা যায় এলাকাটিতে।

এ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ মনোনীত সানজিদা খানম, জাতীয় পার্টি মনোনীত দুই বারের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন (ট্রাক) ও মোহাম্মদ মনির হোসেনের (ঈগল) মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে ভোটারদের কথায়।

নির্বাচনের কেন্দ্রগুলোতে এ চার  প্রার্থীর পোলিং এজেন্ট দেখা গেছে। এর বাইরে কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি ২০টি কেন্দ্রে।

ভোটার উপস্থিতি কম

ফরিদাবাদ, গেন্ডারিয়া আইজি গেট, বাংলাদেশ ব্যাংক কলোনি, পোস্তগোলা ঢাকা কটন মিলস, নীবনচন্দ্র গোস্বামী রোডের বাসিন্দাদের তিনটি ভোটকেন্দ্র পড়েছে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচচ বিদ্যালয়ে। এ তিনটি কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় মোট ভোট পড়েছে ২৭৭টি, ভোটের হার তিন দশমিক ৮২ শতাংশ।

বেলা সাড়ে ১২টার দিকে জুরাইনের ঢাকা কটন মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র-২ এর প্রিজাইডিং কর্মকর্তা আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে কোনো সমস্যা নেই, ভোট স্বচ্ছভাবে চলছে। ভোটার উপস্থিতি কম হওয়ায় সবাই রিলাক্স মুডে আছে।’’

এ বিদ্যালয়ের কেন্দ্র-৪ এর প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, ‘‘ভোটগ্রহণে কোনো বাধা দেয়নি কোনো পক্ষ। শুধু ভোটাররা এসেছেন কেন্দ্রে। বাইরে প্রার্থীর কর্মীরা থাকছেন মাঝে মাঝে। আমরা বুথে ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দেইনি। সবার সহযোগিতা পাচ্ছি।’’

কেন্দ্রটিতে বেলা ১২টা পর্যন্ত দুই হাজার ২৮ ভোটের মধ্যে পড়েছে ৩৮৬টি। ভোটের হার ১৯ শতাংশ।

পূর্ব-শ্যামপুরের হাজী সলিমুল্লাহ মডেল স্কুলের প্রিজাইডিং কর্মকর্তা মোকসেদ মিয়া জানান, দেড়টা পর্যন্ত সেখানে ২০ শতাংশ ভোট পড়েছে।

এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৩১৯ জন।

শ্যামপুর মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোট এক হাজার ৬৭৪জন ভোটারের মধ্যে বেলা দুইটা পর্যন্ত ১৮ শতাংশ ভোট পড়েছে।

“ভোর ৫টার দিকে ব্যালট পেপার পেয়েছি। সব প্রার্থীর এজেন্ট আসেনি। মাত্র তিন জনের এসেছে।”

স্বাধীনতার পর থেকে এ আসনটি আওয়ামী লীগের দখলে ছিল তিনবার (১৯৭৩, ১৯৯৬ ও ২০০৮), জাতীয় পার্টির দখলে ছিল তিনবার (১৯৮৮ সালে একক ও ২০১৪-২০১৮ সালে দু’বার আওয়ামী লীগের সমর্থনে), বিএনপি দখল পায় চারবার (১৯৭৯, ১৯৯১,১৯৯৬ ও ২০০১) এবং একবার (১৯৮৬) স্বতন্ত্র প্রার্থীর সৈয়দ আবু হোসেন বাবলার দখলে ছিল।