ভৈরবের ঘটনা নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে: রেলমন্ত্রী
নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মন্ত্রীর।
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পেছনে ‘নাশকতার পরিকল্পনা’ ছিল কি না, তা খতিয়ে দেখার কথা বলেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি এও বলেছেন, ট্রেনের চালক বা লোকো মাস্টারদের ‘গাফিলতির’ কারণেও এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
বৃহস্পতিবার দুপুরে রেলভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “রেলওয়ে তদন্ত করে দেখছে, শুধুমাত্র সিগন্যাল অমান্য করায় এই দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য আছে। প্রাথমিকভাবে চালকদের ভুলের কারণে এমনটি হয়েছে বলে ধারণা করছে রেল।
“তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা দেখেছে, এছাড়া সেখানে লাইনের ওপর কিছু হয়েছে কিনা…। কারণ এর আগেও ২০১৩ সালে ২০১৪ সালে রেল নিয়ে নাশকতা হয়েছে, রেলের ওপর আঘাত এসেছে, পুড়িয়ে দিয়েছে, স্ক্রু খুলে ফেলেছে, ঢিল মারা হয়েছে। এ কারণে আমরা তদন্তে সবগুলো বিষয়কেই সামনে রাখছি।”
সোমবার বিকালে কিশোরগঞ্জের ভৈরবে একটি কনটেইনার ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর এগার সিন্ধুর এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়। সেদিন ১৭ জনের মৃত্যুর খবর আসে, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন।
ঘটনার পর রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী সাত দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট তিনজনকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
“তবে প্রাথমিকভাবে তাদের (তদন্তকারী) ধারণা লোকো মাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে। সংকেত আগেই দেওয়া থাকে। সেটা দেখেই চালক যাবে। সেখানে থামার সংকেত দেওয়া ছিল। তারা সংকেত অমান্য করে ট্রেন চালিয়েছে।”
ফার্স্ট এশিয়ান রেল সামিটে যোগ দিতে গত ২৩ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালামপুর যান নূরুল ইসলাম সুজন। মন্ত্রীর সঙ্গে রেলওয়ের কয়েকজন কর্মকর্তাও ছিলেন। ২৭ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করার কথা থাকলেও দুর্ঘটনার পর বুধবার রাতে ঢাকায় ফেরেন মন্ত্রী।
নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসার খরচও রেলওয়ে বহন করবে বলে জানিয়েছেন তিনি।
