সাতক্ষীরার মেয়রের পদ শূন্য ঘোষণার গেজেট স্থগিত
তাজকিন আহমেদ সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব।
সাতক্ষীরা পৌরসভার মেয়র বিএনপি নেতা তাজকিন আহমেদের পদ শূন্য ঘোষণা করে জারি করা গেজেট স্থগিত করেছে হাই কোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেয়।
রিট আবেদনকারী তাজকিন আহমেদ সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব। তার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী তানভীর আহমেদ ও আহমেদ আব্দুল্লাহ আবু সাঈদ।
মেয়র তাজকিন আহমেদের পদ শূন্য ঘোষণা করে গত ২৩ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর–১ শাখা। দুর্নীতি, নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ জন কাউন্সিলরের করা অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয় অপর এক প্রজ্ঞাপনে নতুন মেয়র কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে মেয়রের দায়িত্ব দিয়েছে।
একই দিন এক চিঠিতে মেয়রের শূন্য পদে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন সচিবকে অনুরোধ করা হয়।
গত ২৩ নভেম্বরের পৃথক প্রজ্ঞাপন এবং ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন তাজকিন।
তার আইনজীবী তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, মোট তিনটি গেজেট ইস্যু করা হয়। প্রথমটিতে মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। দ্বিতীয়টিতে প্যানেল মেয়র-১ কে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়। তৃতীয়টিতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ৩৩(২) ধারা অনুসারে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর চিঠি দেওয়া হয়।
“এ তিনটি গেজেট তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন হাই কোর্ট। ফলে তাজকিন আহমেদের দায়িত্ব পালনে আপাতত কোনো বাধা নেই।”
আরও পড়ুন
