২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: গ্রামীণ টেলিকমের পরিচালক পারভীন মাহমুদের জামিন

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসও এ মামলার আসামি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 06:20 PM

Updated : 11 Jun 2023, 06:20 PM

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারী তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলায় কোম্পানির পরিচালক পারভীন মাহমুদ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান রোববার এই মামলায় প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তাকে জামিন দেন।

৬২ বছর বয়সী পারভীন মাহমুদের পক্ষে এদিন আদালতে জামিন শুনানি করেন আইনজীবী শাহীনূর ইসলাম অনি ও শেখ বাহারুল ইসলাম। এর বিরোধিতা করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

প্রায় পৌনে এক ঘণ্টার শুনানি নিয়ে ২০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন বিচারক।

আইনজীবী শেখ বাহারুল ইসলাম বাহার বলেন, বয়স ও অসুস্থতা বিবেচনায় বিচারক পারভীন মাহমুদকে জামিন দিয়েছেন।

আইনজীবী শাহীনুর ইসলাম অনি শুনানিতে বলেন, ৫ শতাংশ লভ্যাংশ চুক্তির আওতায় ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৪৩৭ কোটি টাকা গ্রামীণ টেলিকমের শ্রমিকদের দেওয়া হয়। গ্রামীণ টেলিকমের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩৬৪ কোটি টাকা ১৫৬ জন শ্রমিকের অ্যাকাউন্টে এবং ২৬ কোটি টাকা সিবিএ নেতৃবৃন্দ ও দুই আইনজীবী তাদের নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন।

অনি দাবি করেন, তার মক্কেলরা এই অর্থ স্থানান্তর সম্পর্কে কিছু জানেন না। এখানে পরিচালকরা কোনো টাকা ‘ট্রান্সফার’ বা ‘লন্ডারিংয়ের’ সঙ্গে যুক্ত নন।

এই বক্তব্যের বিরোধিতা করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, পরিচালকরা এই ট্রান্সফারের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের যোগসাজশের ‘প্রমাণ’ রয়েছে। পারভীন মাহমুদের জামিন আবেদন নামঞ্জুর করা হোক।

গত ৩০ মে অর্থ আত্মসাতের এই মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

অন্য আসামিরা হলেন– গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম (৫০), সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান (৬৩), নাজনীন সুলতানা (৬১), মো. শাহজাহান (৬৫), নূরজাহান বেগম (৭২), এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী (৬২), অ্যাডভোকেট মো. ইউসুফ আলী (৪২), অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ (৪৭), গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান (৩৯), সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান (৪৩), গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম (৪০)।

দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

মামলার এজাহারে বলা হয়, মুহাম্মদ ইউনূস ও মো. নাজমুল ইসলামসহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে ২০২২ সালের ৯ মে গ্রামীণ টেলিকমের ১০৮তম পর্ষদ সভায় ঢাকা ব্যাংক লিমিটেডের গুলশান শাখায় একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত হয়।

তবে হিসাব খোলার এ সিদ্ধান্তের একদিন আগেই ব্যাংক হিসাব খোলা হয়। আর ৮ মে খোলা ওই ব্যাংক হিসাব সেটেলমেন্ট এগ্রিমেন্টে দেখানো হয়, যা বাস্তবে ‘অসম্ভব’।

এ রকম ভুয়া সেটেলমেন্ট এগ্রিমেন্টের শর্ত অনুযায়ী এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সময়ে ব্যাংকটিতে গ্রামীণ টেলিকমের ২৬ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা স্থানান্তর করা হয়। কিন্তু কর্মচারীদের লভ্যাংশ বিতরণের আগেই তাদের প্রাপ্য অর্থ তাদের না জানিয়ে আসামিরা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

কর্মচারীদের পাওনা লভ্যাংশ বিতরণের জন্য গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং গ্রামীণ টেলিকমের মধ্যে সেটেলমেন্ট এগ্রিমেন্ট হয় ২০২২ সালের ২৭ এপ্রিল।

মামলার এজাহারে বলা হয়, রেকর্ডপত্র বিশ্লেষণে দেখা যায়, অ্যাডভোকেট ফি হিসাবে প্রকৃতপক্ষে হস্তান্তর হয়েছে এক কোটি টাকা। বাকি ২৫ কোটি ২২ লাখ ছয় হাজার ৭৮০ টাকা গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, বোর্ড সদস্যদের সহায়তায় গ্রামীণ টেলিকমের সিবিএ নেতা এবং অ্যাডভোকেটসহ সংশ্লিষ্টরা ‘জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন’।