ঢাকায় মোবাইল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
তাদের কাছে ৭৪টি চোরাই মোবাইল জব্দ করা হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে রাজধানীতে সরবরাহ করে এমন একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঢাকার গুলিস্তানের ওসমানী পার্ক এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব ১০।
তারা হলেন- মো. আনোয়ার হোসেন (৪০), মো. জয়নাল (২৮) ও মো. তাজুল ইসলাম (৩৫)।
গ্রেপ্তারের সময় তাদের থেকে ৭৪টি মোবাইল ফোন জব্দ করার কথা জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্যরা বেশ কিছু দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে তা শাহবাগ ও আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
