১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বরিশালে গরু চোর চক্রের হোতার বাড়ি-গোয়ালঘরে আগুন, আটক ৩

গোয়ালঘরের পেছনের একটি গর্ত থেকে গরুর চামড়াও উদ্ধার করা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 10:10 PM

Updated : 12 Nov 2026, 10:10 PM

বরিশালের গৌরনদী উপজেলায় গরু চোর চক্রের একজনের বাড়ি ও গোয়ালঘরে আগুন দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা।

বৃহস্পতিবার সকালে উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল।

আটক তিনজন হলেন- শাহজিরা গ্রামের আজিজ মীরা (৬৫), তার শ্যালকের ছেলে সাকিল হোসেন ও বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার নয়ন শিকদার।

স্থানীয় বাসিন্দা আদম আলী সিকদার বলেন, এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় বুধবার রাত তিনটা পর্যন্ত পাহারা দেন তিনি। পরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর গোয়ালঘরে গিয়ে দেখেন, তার গরু নেই। বৃষ্টির কারণে গরুর পায়ের ছাপ অনুসরণ করে আজিজ মীরার গোয়ালঘরে গিয়ে গরুটি খুঁজে পান।

এ সময় স্থানীয় লোকজন আজিজ মীরাকে ঘিরে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশের উপস্থিতিতে তার গোয়ালঘরের পেছন থেকে একই গ্রামের নাসির খানের চুরি হওয়া গরুর রশি ও চামড়া উদ্ধার করা হয়।

এ সময় ক্ষুব্ধ লোকজন আজিজ মীরাকে মারধর করেন। পরে তার শ্যালকের ছেলে সাকিল ও নয়নকেও আটক করা হয়।

পরে গৌরনদী মডেল থানা, বরিশাল লাইন ও আগরপুর তদন্ত কেন্দ্র থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।

পুলিশ তিনজনকে নিয়ে যাওয়ার পর সকাল ১০টার দিকে ক্ষুব্ধ লোকজন আজিজ মীরার বসতঘর ও গোয়ালঘরে আগুন দেন।

ওসি তারিক হাসান রাসেল বলেন, আজিজ সংঘবদ্ধ গরু চোর চক্রের প্রধান। বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে এনে তার গোয়ালঘরে জবাই করা হতো। পরে গৌরনদী ও আশপাশের বাজারে মাংস বিক্রি করা হতো। তার গোয়ালঘরের পেছনের একটি গর্ত থেকে গরুর চামড়াও উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় আটক তিনজনসহ নাম উল্লেখ করে চারজন এবং অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।