দুদকের মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে পরোয়ানা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় ২০০৭ সালে মামলাটি করেছিলেন দুদকের এক উপপরিচালক।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের পুরনো এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতের পেশকার জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার সাফাই সাক্ষ্যগ্রহণের দিন ছিল মঙ্গলবার। এদিন মির্জা আব্বাস আদালতে হাজির ছিলেন না।
“পরে তার আইনজীবীরা আদালতে সময় আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।”
সেই সঙ্গে মামলার যুক্তিতর্কের শুনানির জন্য আগামী ৬ নভেম্বর তারিখ রাখেন বিচারক।
মির্জা আব্বাসের বিরুদ্ধে এই মামলাটি ১৬ বছরের পুরনো। রাজধানীর রমনা থানায় ২০০৭ সালের ১৬ অগাস্ট মামলাটি করেছিলেন দুদকের উপপরিচালক মো. শফিউল আলম। এতে অবৈধভাবে ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে অভিযোগপত্র দেন।
তখন বিএনপি নেতা আব্বাসের বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৬ জুন বিচার শুরু হয়। বিচারে ২৪ জনের সাক্ষ্য নিয়েছে আদালত।
