চট্টগ্রামে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের শ্রদ্ধা জানালেন অর্থ প্রতিমন্ত্রী
প্রয়াত এসব নেতার ত্যাগ-তিতিক্ষা অনুসরণ করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের আহ্বান জানান তিনি।
চট্টগ্রামে বেশ কয়েকজন প্রয়াত আওয়ামী লীগ নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
আওয়ামী লীগের প্রয়াত নেতা এম এ আজিজ, ইসহাক মিয়া, এম এ হান্নান, জহুর আহমেদ চৌধুরী, এম এ মান্নান ও এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবরে শুক্রবার পুষ্পস্তবক অর্পণ করেন অর্থ প্রতিমন্ত্রী।
এ সময় আওয়ামী লীগের প্রয়াত এসব নেতার ত্যাগ-তিতিক্ষা অনুসরণ করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের আহ্বান জানান তিনি।
অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রয়াত নেতাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
