০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে ‘অল সোলস ডেতে’ প্রয়াতদের স্মরণ

পাথরঘাটার ক্যাথলিকদের সমাধিক্ষেত্রটি চট্টগ্রামের সবচেয়ে পুরনো।

চট্টগ্রামে ‘অল সোলস ডেতে’ প্রয়াতদের স্মরণ

চট্টগ্রামের পাথরঘাটায় অল সোলস ডেতে সোমবার প্রয়াত স্বজনদের স্মরণ করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 11:15 PM

Updated : 02 Nov 2026, 11:15 PM

প্রার্থনা ও মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হলো ‘অল সোলস ডে’।

সোমবার বিকালে পাথরঘাটায় রানী জপমালা গির্জায় শুরু হয় এ আয়োজন, যেখানে জড়ো হন ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

তাদের হাতে ছিল ফুল। পোশাকেও ছিলে শোকের ছাপ।

প্রতিবছর ২ নভেম্বর অল সোলস ডেতে পরলোকগতদের স্মরণ করা হয়।

সন্ধ্যায় প্রার্থনা পরিচালনা করে আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদার বলেন, “জীবিতকালে যারা আমাদের ভালোবেসেছেন, লালন-পালন করেছেন, মৃত্যুর পর যেন আমরা তাদের ভুলে না যাই।

"আজ যাদের স্মরণ করছি তাদের অনেকে আমাদের সঙ্গেই একদিন ছিলেন। এই সমাধিতে উনাদের সঙ্গেই আমরা হয়ত একদিন এসেছিলাম। আজ উনারা নেই। একদিন আমরাও থাকব না।

“এই স্মরণ আজ আমরা পূর্ব পুরুষদের করছি। তাহলে আমাদের পরবর্তী প্রজন্মও ভবিষ্যতে আমাদের স্মরণ করবে।”

এর আগে প্রয়াত প্রিয়জনদের স্মরণ করতে সমবেত হন নারী, বৃদ্ধ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ।

তারা ফুলে ফুলে ঢেকে দেন প্রয়াত প্রিয়জনদের সমাধি। তারপর জ্বালেন মোমবাতি। ছড়িয়ে দেন সুগন্ধি ধুপ।

অল সোলস ডেতে প্রার্থনায় সামিল হয়েছিলেন শিক্ষিকা মাগ্রেট মনিকা জিনস।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব পুরুষ যেন স্বর্গ লাভ করেন, সে উদ্দেশ্যে এই দিবসে পবিত্র খ্রিষ্টযাগের আয়োজন করা হয়।

পাথরঘাটার এই সমাধিক্ষেত্র চট্টগ্রামে ক্যাথলিকদের সবচেয়ে পুরনো সমাধি। চট্টগ্রামে প্রথম খ্রিষ্ট ধর্মযাজক ছিলেন ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেজ। তিনি চারশ বছর আগে খ্রিষ্ট ধর্ম প্রচার করতে আসেন। তার কবরটিও আছে এ সমাধিক্ষেত্রে।