১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার ২০১ কর্মকর্তা পদোন্নতি পেয়ে যুগ্মসচিব

“পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তারা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে”, বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এবার ২০১ কর্মকর্তা পদোন্নতি পেয়ে যুগ্মসচিব
ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর প্রশাসনে রদবদলের পাশাপাশি আসছে বড় পদোন্নতির আদেশও।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:42 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার জনপ্রশাসনে রদবদলের পাশাপাশি ‘বঞ্চিত’দের পদোন্নতি অব্যাহত রেখেছে।

রোববার ২০১ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, “পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তারা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।”

এসব কর্মকর্তা পদোন্নতি পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর ৮ অগাস্ট নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

এ সরকারের উপদেষ্টারা গত রোববার প্রথম কার্যদিবসে যখন দপ্তরে গেলেন, আওয়ামী লীগ সরকারের সময় ‘বঞ্চিত’ অনেক কর্মকর্তাই সেদিন তাদের কষ্টের কথা উপদেষ্টাদের শোনানোর চেষ্টা করেছেন।

এমন পরিস্থিতির মধ্যে ১৩ অগাস্ট প্রশাসনের সিনিয়র সহকারী সচিব মর্যাদার ১১৭ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়।

পাঁচ দিনের মাথায় যুগ্মসচিব পদে এই পদোন্নতি দেওয়া হল।

আরও পড়ুন:

প্রশাসনে পালাবদলবদলি-পদোন্নতি নিয়ে ক্ষোভ-অস্থিরতা

ভূতাপেক্ষ পদোন্নতিউপসচিব হলেন 'বঞ্চিত১১৭ কর্মকর্তা

বর্তমানে প্রশাসনে ৭৭৩ জন যুগ্মসচিব রয়েছেন, উপসচিব আছেন ১ হাজার ৮১১ জন।

সবশেষ ২০২২ সালে পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হন ১৭৫ জন কর্মকর্তা।

নতুন উপদেষ্টা পরিষদ দায়িত্ব নেওয়ার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে নিয়োগ পাওয়া শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়াও শুরু হয়েছে; রদবদলও হয়েছে অনেক পদে।

পদত্যাগে বাধ্য হয়েছেন অনেক বিভাগ, সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ কর্তা ব্যক্তিরা। বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদত্যাগ, রদবদল ও পরিবর্তনের ‘মিছিল’ গত কয়েকদিন ধরে ক্রমশ লম্বা হচ্ছে। শীর্ষ স্তরের দায়িত্বে আসছে নতুন মুখ। অব্যাহতির পাশাপাশি দায়িত্বের বদলও ঘটছে।

এ ঢেউয়ের রেশ মধ্যম সারির কর্মকর্তাদের ক্ষেত্রেও পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সপ্তাহজুড়ে নিয়মিত বদলি, পদোন্নতি ও নতুন নিয়োগের প্রক্রিয়া বেশ জোরেশোরেই চলছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী বাতায়নের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬ হাজার ৩৯৯ জন কর্মকর্তার মধ্যে সচিব রয়েছেন ৬৭ জন, গ্রেড-১ কর্মকর্তা ২৪ জন, অতিরিক্ত সচিব ৩৯৪ জন, যুগ্ম সচিব ৭৭৩ জন, উপ সচিব ১ হাজার ৮১১ জন, সিনিয়র সহকারী প্রধান ৮৭ জন, সিনিয়র সহকারী সচিব ২ হাজার ২৬ জন ও সহকারী সচিব ১ হাজার ২১৭ জন।

আরও পড়ুন:

পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হলেন ১৭৫ কর্মকর্তা