ফরিদপুরে দোকান লুট, ঢাকা ও মাদারীপুর থেকে গ্রেপ্তার ৮ ডাকাত
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৮ জন বাখন্ডা বাজার ডাকাতির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও র্যাবের ভাষ্য।
ফরিদপুরের বাখন্ডা বাজারে স্বর্ণ ও ইলেক্ট্রনিক্সের দোকানে ডাকাতির ঘটনায় আট ডাকাতকে ঢাকা ও মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা রাতে মহাসড়কে বাস-ট্রাক থামিয়ে ডাকাতি করে আসছিল।
গ্রেপ্তার আটজন হলেন- মো. ইসমাইল সরদার ওরফে লিটন (৩৮), মো. মামুন সরদার (৩০), শেখ জাহাঙ্গীর (৫২), জলিল ওরফে সম্পদ বেপারী (৬১), রুবেল মোল্লা (৩৪), মো. সুমন মাতুব্বর (৪৫), মো. আব্দুল্লাহ আল মামুন (৩৩) ও মো. হারুন (৫৫)।
তাদেরকে ঢাকার শ্যামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, শ্যামলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও মাদারীপুর থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বাখন্ডা বাজার ডাকাতির সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও র্যাবের ভাষ্য।
মঙ্গলবার কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, গত ২৭ মে রাত ২টার দিকে ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল ফরিদপুরের কোতয়ালী থানার বাখন্ডা বাজারে হানা দিয়ে নৈশ্যপ্রহরীদের চোখ-মুখ, হাত-পা বেঁধে মারধর করে।
“তারপর বাজারের স্বর্ণের দোকান, মুদি দোকান, ইলেক্ট্রনিক্সের দোকনসহ বেশ কয়েকটি দোকানের বিপুল পরিমাণ সম্পদ ডাকাতি করে পলিয়ে যায়।”
এই চক্রই বেশ কিছুদিন ধরে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল বলেও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান।
তিনি বলেন, "তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, বরিশাল-ফরিদপুর, মাওয়া- গোপালগঞ্জসহ বিভিন্ন আন্তঃজেলা মহাসড়কে যানবাহন থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল।"
র্যাব কর্মকর্তা জানিয়েছেন, এই দলের সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও হত্যা চেষ্টাসহ ২০টি মামলা রয়েছে। আর 'ডাকাত সর্দার' মো. ইসমাইল সরদারের বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা আছে, মো. হারুন বেপারীর বিরুদ্ধে আছে ২টি ডাকাতি ও ১টি অপহরণ মামলা। এছাড়া মামুন সরদারের বিরুদ্ধে ছিনতাই ও মারামারিসহ ৩টি মামলা দায়ের আছে।
