২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যাত্রাবাড়ীর কোনাপাড়া থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘স্বামীর ওপর অভিমান করে’ তিনি ফাঁস নিয়েছেন বলে ভাষ্য বাবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 09:56 AM

Updated : 20 Sep 2026, 10:01 AM

ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়া আড়াবাড়ি এলাকার একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

১৯ বছর বয়সি সাদিয়া আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন তার বাবা মো. শামীম।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে ‘স্বামীর ওপর অভিমান করে’ সাদিয়া সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে।

“পরে জানালা দিয়ে প্রতিবেশীরা দেখতে পেয়ে আমাদেরকে জানায়। পরে দরজা ভেঙে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে চিকিৎসক বলেন, ‘আমার মেয়ে আর বেঁচে নেই’।”

সাদিয়ার বাবার গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি থানার পশ্চিম সোহাগদল এলাকায়। যাত্রাবাড়ী কোনাপাড়া আড়াবাড়ি এলাকার সালাউদ্দিন স্কুল লাগোয়া একটি বাসার ছয়তলায় স্বামী সুমনের সঙ্গে থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।