২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের নিরপেক্ষতায় নেওয়া পদক্ষেপ বিষয়ে জানতে চাইলেন জাতিসংঘ প্রতিনিধি

“এই বিচার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন ব্যক্ত করার জন্য, অব্যাহত সমর্থন যাতে তারা দেন, সে ব্যাপারে আমরা তাদের কাছে অনুরোধ জানিয়েছি।”

ট্রাইব্যুনালের নিরপেক্ষতায় নেওয়া পদক্ষেপ বিষয়ে জানতে চাইলেন জাতিসংঘ প্রতিনিধি
জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের সামনে আসেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2025, 07:33 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

বিচারপ্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চেয়েছেন জাতিসংঘের প্রতিনিধিরা। 

এদিকে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়েছে প্রধান কৌঁসুলির কার্যালয়।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান। 

তারা প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে আলোচনা করেন। তাজুল ইসলাম পরে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান।

তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাদের মধ্যে খুবই আন্তরিকতাপূর্ণ আলোচনা হয়েছে। 

গত জুলাই-আগস্টের আন্দোলনে প্রাণহানির ঘটনাকে ‘গণহত্যা’ বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যে আদালতটি ২০১০ সালে আওয়ামী লীগ সরকার আমলে স্থাপন করা হয় মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য।

গণআন্দোলনে সরকার পতনের পর ট্রাইব্যুনালে ব্যাপক রদবদল করা হয়েছে। বিচারক পাল্টানো হয়েছে, তদন্ত সংস্থাতেও এসেছে নতুন মুখ। সংশোধন করা হয়েছে আইনও।

তাজুল ইসলাম বলেন, “জাতিসংঘের প্রতিনিধিরা জানতে চেয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও তদন্তপ্রক্রিয়া কেমন এগোচ্ছে, কী পর্যায়ে আছে, কোনো সমস্যা আছে কি না। তাদের পক্ষ থেকে সাহায্য–সহযোগিতা দরকার আছে কি না। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ করার ব্যাপারে ও নিরপেক্ষ করার ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কী কী কাজ করা হচ্ছে, সে ব্যাপারে জাতিসংঘের সহযোগিতা দরকার আছে কিনা, এসব বিষয় নিয়ে তারা খোলামেলা আলোচনা করেছেন।

“আলোচনা শেষে আমরা তাদের কাছে অনুরোধ করেছি, আমাদের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে ট্রেইন করার ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘ যদি ব্যবস্থা গ্রহণ করে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে, সেটা আমরা তাদের বলেছি।” 

তিনি আরও বলেন, “এই বিচার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন ব্যক্ত করার জন্য, অব্যাহত সমর্থন যাতে তারা দেন, সে ব্যাপারে আমরা তাদের কাছে অনুরোধ জানিয়েছি।”

জাতিসংঘ প্রতিনিধিরা প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে তাজুল ইসলাম জানান। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না, এ ব্যাপারে কোনো পদক্ষেপ আছে কিনা প্রশ্নে তাজুল বলেন, “ভারতের সঙ্গে যে ‘এক্সট্রেডিশন ট্রিটি’ সে অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কি না। না দিলে আইন নিজস্ব গতিতে চলবে। বিচারপ্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে।”