২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় কারণে অত্যাচার-নির্যাতন হলে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

“একটা সময় যখন সত্যিকার অর্থে দেশে সরকার ছিল না, তখন কিছু দুর্বৃত্তের মাধ্যমে কিছু ঘটনা ঘটেছে, তা আমরা স্বীকার করি। সেসব অপরাধের শাস্তি হবে, ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।”

ধর্মীয় কারণে অত্যাচার-নির্যাতন হলে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2024, 07:02 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

ধর্মীয় কারণে কোনো অত্যাচার-নির্যাতন করা হলে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বলে হিন্দু ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে এ আশ্বাস দেন তিনি।

উপদেষ্টা বলেন, “কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার-নির্যাতন করা যাবে না। এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে, সরকার সেটা বিচারের আওতায় আনবে। আমি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে পারি, অপরাধীদের বিচারের সম্মুখীন করা হবে।”

সরকার ‘কঠোর’ অবস্থানে রয়েছে জানিয়ে তৌহিদ বলেন, “আমরা কোনো অপরাধকে কখনোই সমর্থন করব না, কোনো অপরাধীকে বিচারের আওতার বাইরে থাকতে দেব না।” 

তিনি বলেন, “আপনারা দেখেছেন, একটা সময় যখন সত্যিকার অর্থে দেশে সরকার ছিল না, তখন কিছু দুর্বৃত্তের মাধ্যমে কিছু ঘটনা ঘটেছে, তা আমরা স্বীকার করি। সেসব অপরাধের শাস্তি হবে, ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।”

সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সারা দেশে ভলান্টিয়াররা সনাতন ধর্মাবলম্বীদের সাথে মিলে কাজ করছেন- যেন কোথাও কোনো দুর্বৃত্ত সমস্যা সৃষ্টির সুযোগ না পায়।”

তৌহিদ হোসেন বলেন, “সকল সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের নাগরিক। সবার অধিকার এদেশে সমান। এ অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। এ অধিকার রক্ষা করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।”