২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজদের জামিন মানুষ ভালোভাবে নেয় না: প্রধান বিচারপতি

গত ৩ এপ্রিল রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করে দুদক, তিন দিন পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 03:19 PM

Updated : 31 Oct 2023, 03:19 PM

কয়েক মাসের মধ্যে আদালত দুর্নীতিবাজদের জামিন দিলে তা সমাজ ‘ভালোভাবে নেয় না’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

‘ঘুষের’ ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার জামিন আবেদন শুনানিকালে মঙ্গলবার তিনি আইনজীবীদের এ কথা বলেন।

শুনানি শেষে মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাই কোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ আরও তিন মাস বাড়িয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ রাজা। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম রিপন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, শুনানির শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ রাজা মহিবুল ইসলামের জন্য জামিনের আবেদন করেন।

এ সময় তাদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমরা আপনারা জিরো টলারেন্সের কথা বলি। আবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কারাগারে যাওয়ার সঙ্গে সঙ্গে জামিন আবেদন নিয়ে হাই কোর্টে আসেন। তিন মাসের মাথায় কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে উচ্চ আদালত জামিন দিলে সেটা সমাজ ভালোভাবে নেয় না। মানুষ ভালোভাবে নেয় না।”

প্রধান বিচারপতি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আবার মনে করিয়ে দেন।  

অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, শুনানি শেষে আদালত রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাই কোর্টের দেওয়া জামিন আরও তিন মাসের জন্য স্থগিত করে। একই সঙ্গে মহিবুল ইসলামের জামিন সংক্রান্ত রুলের শুনানি শেষ করতে বলে।

গত ৩ এপ্রিল দুপুরে রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করে দুদক। ওই সময় সেখান থেকে ‘ঘুষের’ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুদকের রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মহিবুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

পুরনো খবর:

রাজশাহীতে উপ-কর পরিদর্শক গ্রেপ্তার, ‘ঘুষের’ ১০ লাখ টাকা জব্দ

এর তিন দিন পর রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে অর্থ মন্ত্রণালয়। 

গত ১৮ এপ্রিল রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) তাকে হাজির করা হয়। ওইদিন আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে মহিবুলকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এরপর হাই কোর্ট থেকে জামিন পান এই কর্মকর্তা। পরে দুদকের আবেদনে আপিল বিভাগ গত ১৪ অগাস্ট হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করে দেয়।

মহিবুলকে গ্রেপ্তারের পর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক কামরুল আহসান বলেছিলেন, “আমাদের কাছে অভিযোগ ছিল ডা. ফাতেমা সিদ্দিকার সম্পদের উচ্চ হিসাবে কর নির্ধারণ করার হুমকি দিয়ে আসছিলেন মহিবুল ইসলাম। এক পর্যায়ে কর অঞ্চলের উপ-কর পরিদর্শক মহিবুল ইসলাম ভুইয়া ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন। সর্বশেষ ডা. ফাতেমা সিদ্দিকার সাথে ৫০ লাখ টাকায় রফা হয়। সেই রফার প্রথম কিস্তির ১০ লাখ টাকা দিতে গেলে আমরা তাকে হাতেনাতে গ্রেপ্তার করি।”

তিনি বলেন, উপ-কর পরিদর্শক মহিবুল ইসলাম ভুইয়ার দপ্তরে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালানো হয়। এ সময় তার ড্রায়ার থেকে নগদ ১০ লাখ টাকা জব্দ করা হয়।

চিকিৎসক ফাতেমা সিদ্দিকা মাদার্সল্যান্ড ক্লিনিকের মালিক ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক।