২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে উপ-কর পরিদর্শক গ্রেপ্তার, ‘ঘুষের’ ১০ লাখ টাকা জব্দ

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই অভিযানের সময় কর অফিসের কর্মচারীদের সঙ্গে দুদক কর্মকর্তাদের হাতাহাতির ঘটনা ঘটে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 08:42 PM

Updated : 04 Apr 2023, 08:54 PM

রাজশাহী নগরীতে এক উপ-কর পরিদর্শক গ্রেপ্তার হয়েছেন; যার কাছ থেকে ‘ঘুষের' ১০ লাখ টাকা জব্দ করা হয় বলে দুদক জানিয়েছে। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভেড়িপাড়া এলাকায় আঞ্চলিক কর অফিসে এই অভিযান চালানো হয়। 

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই অভিযানের সময় কর অফিসের কর্মচারীদের সঙ্গে দুদক কর্মকর্তাদের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার শাহ্ আলী বলেন, কর অফিসের কর্মকর্তা-কর্মচারীরেদর ওয়ার্কশপ চলছিল। এই সময় তারা জানতে পারেন উপ-কর পরিদর্শকের রুমে ঢুকে ভেতর থেকে ছিটকিনি দিয়ে সাদা পোশাকে কয়েকজন লোক উপ-কর পরিদর্শক মহিবুল ইসলাম ভুইয়াকে মারধর করছে। 

“মহিবুল ইসলাম ভুইয়া বাঁচাও বাঁচাও চিৎকার করলে অফিসের কর্মচারীরা সেখানে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তাদের সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি হয়।” 

শাহ্ আলী আরও বলেন, “সুনির্দিষ্ট কী অভিযোগ তা বলতে পারব না। তবে জানতে পেরেছি ফাতেমা সিদ্দিকা নামের এক চিকিৎসকের সম্পদের ২৬ কোটি টাকার কর ফাঁকির একটি ফাইল ছিল মহিবুল ইসলামের কাছে। সেটি নিয়ে কাজ করছিলেন তিনি।” 

গ্রেপ্তারের পর উপ-কর পরিদর্শক মহিবুল ইসলাম ভুইয়াকে নিয়ে যাওয়ার সময় তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, “আমি অফিসের বাইরে ছিলাম; তখন ডা. ফাতেমা সিদ্দিকা অফিসে ঢুকে টাকাগুলো ড্রয়ারে রাখছে। এই সময় দুদকের লোকজন ধস্তাধস্তি করে রুমে ঢুকিয়ে দরজা আটকিয়ে আমাকে মারধর করে।” 

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক কামরুল আহসান বলেন, “আমাদের কাছে অভিযোগ ছিল ডা. ফাতেমা সিদ্দিকার সম্পদের উচ্চ হিসাবে কর নির্ধারণ করার হুমকি দিয়ে আসছিলেন মহিবুল ইসলাম। এক পর্যায়ে কর অঞ্চলের উপ-কর পরিদর্শক মহিবুল ইসলাম ভুইয়া ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন। সর্বশেষ ডা. ফাতেমা সিদ্দিকার সাথে ৫০ লাখ টাকায় রফাদফা হয়। সেই রফাদফার প্রথম কিস্তির ১০ লাখ টাকা দিতে গেলে আমরা তাকে হাতেনাতে গ্রেপ্তার করি।” 

তিনি বলেন, উপ-কর পরিদর্শক মহিবুল ইসলাম ভুইয়ার দপ্তরে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন নথিপত্র এবং তার ড্রায়ার থেকে নগদ ১০ লাখ টাকা জব্দ করা হয়। 

চিকিৎসক ফাতেমা সিদ্দিকা মাদার্সল্যান্ড ক্লিনিকের মালিক ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক। 

এ ব্যাপারে ফাতেমা সিদ্দিকার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।