ভালো উদ্যোগগুলো অনেক ক্ষেত্রে সংবাদে যথাযথভাবে উঠে আসে না: গণপূর্তমন্ত্রী
“বস্তুনিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা সরকারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজগুলোকে উৎসাহিত করতেও ভূমিকা রাখতে পারেন,” সাংবাদিকদের বলেন তিনি।
সরকারের ত্রুটি তুলে ধরার পাশাপাশি ভালো উদ্যোগগুলোতেও সমান গুরুত্ব দিতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
সরকারের ভালো উদ্যোগগুলো অনেক ক্ষেত্রে সংবাদে ‘যথাযথভাবে উঠে আসে না’ বলে শনিবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন তিনি।
উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, “গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও অনিয়মের কথা ছিল। বিষয়টি নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা করেছি। কীভাবে তদবির ও অনিয়মের সুযোগ বন্ধ করে একটি স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তা বিবেচনা করেই লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো ধরনের ব্যক্তিগত তদবির বা প্রভাব যেন বদলি ও পদায়নের ক্ষেত্রে কাজ না করে। এজন্য সাংবাদিকদের উপস্থিতিতে সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে লটারি অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১ হাজার ৪৩০ জন প্রকৌশলীর বদলি ও পদায়নে এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সবক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়।
“কিছু মানবিক বিবেচনার বিষয়ও থাকে। সে বিষয়গুলোও আমরা বিবেচনায় নিয়েছি। কিন্তু পদায়ন ও বদলি বাণিজ্য বন্ধ করে দেওয়ার খবর প্রচার না করে কিছু অসৎ কর্মকর্তাদের প্ররোচনায় সম্পূর্ণ স্বচ্ছ লটারির মাধ্যমে বদলি ও পদায়ন প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা করার প্রবণতা কোনো কোনো গণমাধ্যমকে করতে দেখা গেছে, সেটা দুঃখজনক।”
তিনি বলেন, “এত উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় কাজটি সম্পন্ন করার পরও যখন দেখি কোনো কোনো সংবাদে উদ্যোগটির ইতিবাচক দিকটি যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না, তখন স্বাভাবিকভাবেই কষ্ট লাগে।
“আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাব, সরকারের কোনো উদ্যোগে ত্রুটি থাকলে অবশ্যই তা তুলে ধরবেন। তবে ভালো উদ্যোগের ইতিবাচক দিকগুলোও যেন সংবাদে সমান গুরুত্ব পায়। বস্তুনিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা সরকারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজগুলোকে উৎসাহিত করতেও ভূমিকা রাখতে পারেন।”
