পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল
সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পরদিন চুক্তিতে তাকে ওই দায়িত্ব দেওয়ার কথা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়।
গণ অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর সাড়ে তিন মাস পুলিশ বাহিনীর নেতৃত্ব দেওয়া মো. ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়েছে সরকার।
সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পরদিন বৃহস্পতিবার চুক্তিতে তাকে ওই দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করে, অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে ১০ এপ্রিল থেকে দুই বছর ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ অগাস্ট ময়নুল ইসলামকে আইজিপির দায়িত্ব দেওয়া হয়। দ্বাদশ বিসিএস ব্যাচের এই কর্মকর্তা আইজিপি হওয়ার আগে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট ছিলেন।
দায়িত্ব দেওয়ার সাড়ে তিন মাসের মাথায় ২০ নভেম্বর তাকে সরিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। আর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য ২৬ নভেম্বর ময়নুল ইসলামের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
তবে সে সময় তাকে কোনো দূতাবাসে পাঠানো হয়নি। সরকারি চাকরি বিধি অনুযায়ী ৯ এপ্রিল তিনি অবসরে যান।
