জায়গা-জমি নিয়ে ‘হয়রানি’, আমরণ অনশনে বাবা-ছেলে
সাবেক সেনাসদস্য হুমায়ুনের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েও তিনি প্রতিকার পাননি।
কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়নের তহসিলদারের বিরুদ্ধে নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে ঢাকায় আমরণ অনশনে বসেছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য হুমায়ুন কবির চৌধুরী এবং তার ছেলে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার হুমায়ুন অভিযোগ করেন, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েও তিনি প্রতিকার পাননি। বাধ্য হয়ে ছেলেকে সঙ্গে নিয়ে অনশনে বসেছেন।
সাবেক এই সেনাসদস্য ও তহসিলদার মজিবুর রহমানের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে এক নামজারি (ভূমি মালিকানার তথ্য হালনাগাদ) বাতিল হওয়ার পর। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বছর দেড়েক আগে ওই নামজারি ফিরিয়ে দেওয়ার ‘আশ্বাস’ দিয়ে মোটা অংকের ঘুষ দাবি করেন মজিবুর।
এর প্রতিবাদ জানালে হুমায়ুন কবির চৌধুরীকে (৫৫) বেধড়ক মারধর করা হয় তহসিল অফিসে। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন।
হুমায়ুন কবির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৬৭ শতাংশের বসতবাড়ি যার কাছ থেকে কিনেছি, সেটা বহুদিন আগেই খারিজ করা হয়েছে। হঠাৎ কিছুদিন আগে কীভাবে যেন আমার খারিজ বাতিল হয়ে যায়, পরে কিশোরগঞ্জ বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করি।
“এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করলে নিকলী সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মজিবুর রহমান আমাকে খারিজ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা দাবি করেন।”
সাবেক এ সেনাসদস্যের ভাষ্য, “২০২২ সালের ২০ জানুয়ারি সন্ধ্যায় আমাকে অফিসে টাকা (ঘুষ) নিয়ে আসতে বলেন, আমি টাকা দিতে রাজি না হওয়ায় এবং প্রতিবাদ করলে কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে আমাকে আটকে মারধর করেন।
“পরে ঘটনাস্থলে নিকলী সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন সবার কথা শুনে আমাকে মারধরের কোনো বিচার না করে উল্টো আমাকে বাড়ি চলে যেতে বলেন। এ সময় আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় আমি হাসপাতালে ভর্তি হই।”
ওই ঘটনার পরে সহকারী কমিশনার প্রীতিলতা বর্মনের সুপারিশে ওই তহসিলদার ‘উল্টো’ মামলা করেন দাবি করে হুমায়ুন বলেন, “আমার নামে তখন সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মজিবুর রহমান মিথ্যা মামলা দেয়। পুলিশের তদন্তে আসল তথ্য বের হয়ে আসায় আদালত আমাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মজিবুর রহমানের বিরুদ্ধে প্রসিকিউশন চান।
“পরে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষকে নিরপেক্ষভাবে তদন্ত করতে দেয় আদালত। সেই তদন্তে মামলার বাদী সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মজিবুর রহমানের ‘শিষ্টাচার বহির্ভূত নির্যাতনমূলক অসদাচরণ’ করার বিষয়টি উঠে আসে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভূমি কর্মকর্তা মজিবুর রহমান বলেন, “সরকারি নির্দেশ অমান্য করে তিনি (হুমায়ুন) অন্যের জমি দখল করার চেষ্টা করছেন। আমি আমার দায়িত্বের অংশ হিসেবে সরকারি নির্দেশক্রমে বাধা দিলে হুমায়ূন চৌধুরী আমাকে প্রাণনাশের হুমকি দেন। পরে নিজে পূর্ব পরিকল্পিতভাবে নাটক সাজানোর জন্য ২০২২ সালের ২০ জানুয়ারি সন্ধ্যায় অফিসে এসে ভিডিও অন করে কথা বলতে থাকেন।
“তাকে আমি বলি যে, ‘এখন অফিস টাইম না, আপনি এসিল্যান্ড স্যারের সাথে অফিস টাইমে এসে কথা বলেন’। এর প্রমাণ তার নিজের করা ভিডিওতেই আছে। ভিডিও করতে নিষেধ করলে তিনি আমার গায়ে হাত তোলেন। অন্যান্য স্টাফেরা তাকে নিবৃত করতে গেলে তিনি মোবাইলে ও অফিস থেকে চিৎকার করে লোকজন জড়ো করেন।“
এ তহসিলদারের ভাষ্য, “সেখান থেকে সুস্থ অবস্থায় তিনি (হুমায়ুন) বাড়ি যাওয়ার পর ভুয়া মেডিকেল সার্টিফিকেট জোগাড় করে পুলিশকে প্রভাবিত করেন। পরে আদালতের নির্দেশে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি হয়।
“সেখানে তিনি যে আধিপত্য বিস্তারের মাধ্যমে অনৈতিক দাবি আদায় করার চেষ্টা করেছেন, তার প্রমাণ পাওয়া যায়। আদালত যে নির্দেশ দিচ্ছেন, আমরা সে অনুযায়ী কাজ করছি।”
তবে হুমায়ুন চৌধুরী বলেন, ভূমি সহকারী কর্মকর্তা মজিবুর রহমান ও নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মনের কারণেই ‘নিজের’ জমির ফয়সালা হচ্ছে না।
“প্রভাবশালী তহসিলদার, এসিল্যান্ড ও এবং কয়েকজন দুর্নীতিবাজ কর্তাব্যক্তির কারণে আমার ছয় কোটি টাকা মূল্যের বসতবাড়ি বেহাত হওয়ার উপক্রম হয়েছে। আমার সামনে এখন মৃত্যু ছাড়া বাঁচার মত কোনো পথ নাই। সেই লক্ষ্যে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছি, আমার বিশ্বাস একজন সাধারণ অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার দুর্ভোগ দুর্দশার কথা শুনে মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চমহলের কাছে আমি ন্যায়বিচার পাব।”
মামলার রায় হওয়ার আগেই হুমায়ুন অনশনের নামে ‘একটা নাটক’ তৈরি করতে চাচ্ছেন মন্তব্য করে তহসিলদার মজিবুর বলেন, “বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নের জন্য তার নামীয় খারিজ বাতিল হয়। এখানে তো আমার কোনো হাত নেই। বাতিলাদেশের বিরুদ্ধে তিনি একবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্যারের কাছে আপিল করেছেন। সে আপিল নামঞ্জুর হয়েছে।
“পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) স্যারের কাছে আপিল করেছে, সেটা এখনও বিচারাধীন। ঘুষ নিয়ে তাকে অফিসে আসতে বলা ও নির্যাতনের বিষয়টি পুরোটা উনি মিথ্যা বলছেন। সরকারি নির্দেশ অমান্য করে তিনি অন্যের জমি দখল করার চেষ্টা করছেন।“
নিকলী সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন বলেন, “উনার (হুমায়ুন) খারিজ যেটা বাতিল হয়েছে, সেটা আদালতের রায়ের মাধ্যমে। আর এখানে এই বিষয়টা নিয়ে আমার কিছু করার নাই, কারণ এই জমি খারিজের বিষয়টা আদালতে বিচারাধীন।
“আদালতে তিনি আপিল করেছেন, আপিলের রায় এখনও আসেনি। আদালত যে রায় দেবে, আমি সেটা বাস্তবায়ন করব। এখানে আমি ব্যক্তিগতভাবে কিছু করতে পারি না।”
