২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে বিদ্যুতের পোলে উঠে পড়েছেন নারী, বিপাকে ফায়ার সার্ভিস

ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক ভারসাম্যহীন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 06:05 PM

Updated : 18 Aug 2023, 06:20 PM

ঢাকার হাতিরঝিলে কয়েকশ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারের উপরে উঠে পড়েছেন এক নারী; তাকে নামাতে গিয়ে বিপাকে পড়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে ৯৯৯ এ খবর পেয়ে তেঁজগাও ফায়ার স্টেশন থেকে উদ্ধারকারীদের একটি দল সেখানে ছুটে যান।

“ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক ভারসাম্যহীন। ওই টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ বিভাগের লোকজনও সেখানে রয়েছে। তারা বলছেন, বিদ্যুৎ বন্ধ করা যাবে না। তারপরও ওই নারীকে নামানোর চেষ্টা করছে।”

ঘটনার প্রত্যক্ষদর্শী হিমেল জানান, বিকালে ওই নারীকে বৈদ্যুতিক টাওয়ারে উপরে দেখে হাতিরঝিলের মগবাজার-তেজগাঁও প্রান্তে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে মাইকিং করে উৎসুক জনতাকে সরানোর চেষ্টা করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

তিনি বলেন, “মধুবাগ ব্রিজ থেকে পশ্চিম দিকে ঝিল পাড়ের বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েছে ওই নারী। টাওয়ারের উপরে থাকায় তার বয়স বা চেহারা নিচ থেকে বোঝা যাচ্ছে না।”

ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, ওই নারী সাঁতরে গিয়ে হাতিরঝিলের পানির মধ্যে স্থাপিত ওই টাওয়ারে উঠেছেন।